প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩ ১২:১১ পিএম
নতুন সিনেমার চরিত্র দিয়ে আলোচনায় এলেন তারা সুতারিয়া
বলিউডের নতুন প্রজন্মের ব্যস্ত তারকা তারা সুতারিয়া। সিনেমার চেয়ে বর্তমানে তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় আছেন। অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে সংবাদের শিরোনাম হওয়া এই অভিনেত্রী এবার নিজের নতুন সিনেমার চরিত্র দিয়ে আলোচনায় এলেন।
সম্প্রতি তারা অভিনীত ‘অপূর্ব’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হট স্টারে আগামী ১৫ নভেম্বর মুক্তি দেওয়া হবে। এই সিনেমার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে তার। সিনেমার পোস্টারে তারাকে আত্মঘাতী রূপে দেখা যায়। হাতে কাঁচি ও মুখে রক্তের দাগ। অন্য আরেকটি পোস্টারে দেখা যায় সিনেমার প্রধান তিন চরিত্রে অভিনয় করা অভিষেক ব্যানার্জি, রাজপল যাদবের সঙ্গে তারা। সবার চোখেমুখে আতঙ্ক।
সিনেমার পোস্টারের ছবিটি তারা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। এরপর ওটিটিতে নিজের প্রথম কাজের অভিজ্ঞতা নিয়ে ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রথমবার ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয় করেছি। ইতোমধ্যেই কাজটির পোস্টার প্রকাশ করা হয়েছে। যেখানে আমার ফার্স্ট লুক দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই আমার চরিত্র নিয়ে জানতে চেয়েছে। তাদের আমি শুধু এটুকু বলব, এমন চরিত্রে এর আগে আমাকে অভিনয় করতে দেখেনি কেউ। নতুন এক রূপে আমি আগামী ১৫ নভেম্বর দর্শকদের সামনে হাজির হব। তাই বিস্তারিত জানতে আপনাদের একটু অপেক্ষা করতে হবে।’
এদিকে সিনেমার নাম ভূমিকায় অভিনয় করা অভিনেতা অভিষেক ব্যানার্জি নিজের চরিত্র নিয়ে বলেন, ‘আমি এর আগে মির্জাপুর ওয়েব সিরিজে অভিনয় করেছি। সিরিজটিতে আমার চরিত্র সবার মাঝে ব্যাপক সাড়া ফেলে। আমি আশাবাদী আমার এই সিনেমায় যে চরিত্র সেটিও দর্শকদের মুগ্ধ করবে। সিনেমার গল্প থেকে শুরু করে সবকিছু দুর্দান্ত হয়েছে। সবাইকে অনুরোধ রইল সিনেমাটি দেখার।’
সার্ভাইভাল গল্পে নির্মিত ‘অপূর্ব’ সিনেমার গল্প ও পরিচালনা নিখিল নাগেশ ভাটের। এর প্রযোজনায় আছে স্টার স্টুডিও। এটি নির্মাণে খরচ হয়েছে ৪০ কোটি রুপি।