প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ১৬:১৩ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩ ১৬:২৪ পিএম
আজ থেকে একশ বছর আগের কথা। পৃথিবীর দক্ষিণ গোলার্ধের বসন্ত ঋতু তখন ধীরে ধীরে মিশে যাচ্ছিল গ্রীষ্মের সঙ্গে। প্রকৃতিতে ঘটে চলেছে নাটকীয় পরিবর্তন। রবীন্দ্রনাথের মনেও তখন চলছিল মায়ার খেলা, নিত্য করে আসা-যাওয়া। তিনি তখন সুখের মতো অসুখে কাতর হয়ে আছেন, তিনি পরম যত্নে অসুখটাকে আগলে রাখছেন। রবীন্দ্রনাথের গন্তব্য পেরু, কিন্তু অসুস্থ হয়ে পড়ে আছেন আর্জেন্টিনায়।
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও কোনো এক মায়ার বাঁধনে তিনি আটকে আছেন আর্জেন্টিনায়। আর্জেন্টিনা থেকে নতুন কোনো দেশে যেতে তার মন সায় দেয় না। শেষ পর্যন্ত তার পেরু দর্শন পরিত্যক্ত হয়। তিনি অসুখের ছলনায় আর্জেন্টিনায় পার করতে লাগলেন জীবনের ভালোলাগা ও আনন্দময় কিছু সময়। অজানা ভাষার দেশে কেন তার হৃদয় ভালোলাগায় পূর্ণ হলো, আনন্দময় সময় উদযাপনের অন্তরালে ছিল কোনো রহস্য!
রবীন্দ্রনাথের জীবনের এসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে ম্যাড থেটার-এর দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকে।
২৩ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকের সপ্তম প্রদর্শনী। এটি রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। নাটকটির চরিত্র সংখ্যা দুটি। রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম ও ভিক্টোরিয়া চরিত্রে সোনিয়া হাসান।
রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর শতাব্দী প্রাচীন প্রেমের নতুন উদ্বোধন ঘটেছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকটির মধ্য দিয়ে। গত জুনে ভারতের গুয়াহাটিতে নাটকটির সফল মঞ্চায়নে উপস্থিত ছিলেন আসাম রাজ্যের কবি সাহিত্যিক বুদ্ধিজীবী ও নাট্যপ্রেমী দর্শক। আগামী ২৩ অক্টোবর হবে এর পরবর্তী প্রদর্শনী। নাটকটির বহুল প্রচারে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।