প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩ ১৭:৪৫ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩ ১৭:৫১ পিএম
নবাগত চিত্রনায়িকা আলিশা ইসলাম। কাজী আনোয়ার হোসেনের উপন্যাস ‘ধ্বংসপাহাড়’ অবলম্বনে নির্মিত ‘এমআর-৯ : ডু অর ডাই’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেন তিনি। সে ছবিতেই বেশ নজর কেড়েছেন এই নতুন মুখ। অভিনয় ও গ্ল্যামার দিয়ে ছড়িয়েছেন মুগ্ধতা।
এবার তিনি আসছেন আইটেম গার্ল হয়ে। নির্মাতা রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ সিনেমায় আইটেমকন্যা হিসেবে দেখা যাবে আলিশাকে। গানের শিরোনাম ‘পিরিতের বাজার’। এ গানে কণ্ঠ দিয়েছেন শাকিলা সাকি। এর গীতিকার, সুরকার ও সংগীতায়োজন করেছেন নাদিম ভূঁইয়া।
আইটেম গানটিতে যুক্ত হয়ে দারুণ রোমাঞ্চিত আলিশা ইসলাম। মিস ইউনিভার্সে প্রথম রানার্সআপ হওয়া এই সুন্দরী বলেন, ‘সেকাল-একালের বিভিন্ন রূপে গানটিতে দর্শক আমাকে দেখতে পাবেন। আমিও খুব রোমাঞ্চিত। কেননা এবারই প্রথমবারের মতো আইটেম গান করছি। আশা করি ভালো একটা সাড়া পাব। ধামাকা কিছু হবে।’
জানা গেছে, প্রধান ও পার্শ্বচরিত্র মিলিয়ে ৫০ জন শিল্পী পারফর্ম করছেন এ গানে। নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘এ গানে ময়ূরাক্ষী ছবির একটা থিম বোঝাতে চেয়েছি; যেখানে পিরিতের বাজার আগের মতো নেই! মানে আগে প্রেমের যে ধরন ছিল সেটা বদলে গেছে। স্কুল কিংবা বাসার গলিতে দাঁড়িয়ে প্রেমিকার জন্য অধীরভাবে এখন আর অপেক্ষা করতে হয় না। হাবভাব বদলে গেছে। এরকম কিছু বিষয় মাথায় রেখেই তৈরি হয়েছে গানটি। দর্শক ভালো একটা গান পেতে যাচ্ছেন বলে আশাবাদী আমরা।’
কথা হয় গানটির সংগীত পরিচালক নাদিম ভূঁইয়ার সঙ্গেও। তিনি বলেন, ‘আইটেম গানের বেলায় প্রথমে ভিজ্যুয়ালের বিষয়টি খেয়াল রাখতে হয় আমাদের। তারপর অডিওর কাজ করা। আবার এও ভাবতে হয়, দর্শকের কাছে যেন খুব সহজেই গানটি গ্রহণযোগ্য হতে পারে। সব মিলিয়ে অনেক দিন ধরেই এ গানের শুটিংয়ের অপেক্ষায় ছিলাম। অবশেষে আজ শুট হচ্ছে। বলা যায়, যেমনটা ভেবেছিলাম একদম মনমতোই শুটিং হয়েছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে।’
ময়ূরাক্ষী সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনার অনুপ্রেরণায়। যেখানে উঠে আসবে সম্পর্কের টানাপড়েনের গল্প। এতে চিত্রনায়িকা ববি হকের সঙ্গে জুটি বেঁধেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল প্রমুখ।নভেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।