প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩ ১৭:৪২ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩ ১৭:৫১ পিএম
দক্ষিণ এশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ধরা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সিনেমা আসর হিসেবে। সেখানে এবার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে ফুয়াদ চৌধুরী নির্মিত বাংলাদেশের সিনেমা ‘মেঘনাকন্যা’র। কানাডার টরন্টোর একটি স্থানীয় মাল্টিপ্লেক্সে ১৫ অক্টোবর ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে বিদেশি দর্শকের কাছে প্রশংসা পেয়েছে সিনেমাটি। নির্মাতা ফুয়াদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলের, ‘বিদেশের মাটিতে মেঘনাকন্যা প্রশংসিত হয়েছে। এটা আমার এবং সিনেমার টিমের জন্য অনেক আনন্দের ব্যাপার। আমার বিশ্বাস সিনেমাটি দেশের দর্শকের মাঝেও সাড়া ফেলবে।’
নারী পাচার কেন্দ্র করে গ্রামে ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন। পর্দায় নানা রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্নপূরণের গল্প।
ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ। তিনি
বলেন, ‘এ সিনেমাটি আমাকে অনেক ইতিবাচক অভিজ্ঞতা দিয়েছে। এতে আমার যে চরিত্র সেটি বেশ
চ্যালেঞ্জিং। যত্ন নিয়ে কাজ করেছি। আমি আশাবাদী বিদেশের মতো দেশেও প্রশংসিত হবে মেঘনাকন্যা।’
আনোয়ার আজাদ ফিণ্ম’স ও এসজে মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটির সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি। নওশাবা ছাড়াও এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইনসহ অনেকে।
সিনেমার গানগুলোর সংগীতায়োজনে রয়েছেন চিরকুট খ্যাত সুমী। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক।