প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩ ১৬:৪৯ পিএম
সেই সুলতান সুলেমান দিয়ে শুরু। দীপ্ত টিভি তুরস্কের সিরিয়াল বাংলায় ডাবিং করে প্রচারের মধ্য দিয়ে তুমুল জনপ্রিয়তা পায়। এরপর আরও বেশকিছু তুর্কি ধারাবাহিক চ্যানেলটি প্রচার করেছে। তারই ধারাবাহিকতায় চলছে ‘সূর্যকন্যা’ নামে নাটক। প্রতিদিন বিকাল ৫টা ৫০ মিনিট ও রাত ৯টায় দেখা যাচ্ছে নাটকটি।
এ নাটকের গল্পে দেখা যাবে, জাফেরকে হত্যাচেষ্টার আসামি হয়ে অন্ধকার কারাগারের চার দেয়ালে জীবন কাটাচ্ছে গুনেশ। এদিকে তাকে মুক্ত করার জন্য মরিয়া হয়ে উঠেছে হালুক। হালুক আর গুনেশের নতুন জীবন সুন্দরভাবেই চলছিল। কিন্তু হালুকের সাবেক স্ত্রীর ষড়যন্ত্রে গুনেশের সাবেক স্বামী জাফের তার সন্তানদের অভিভাবকত্বের দাবি নিয়ে হালুক আর গুনেশের জীবনে প্রবেশ করে তাদের সাজানো সুখের সংসার বিষণ্ন করে তোলে।
এ সুযোগটা কাজে লাগিয়ে পর্দার আড়াল থেকে হালুকের বড়বোন রানা, হালুকের জীবন থেকে গুনেশকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে হালুক জানতে পারে জাফের তাদের জীবনে আসার পেছনে আসল ষড়যন্ত্রকারী তার সাবেক স্ত্রী সেভিলায়। আর তখনই বেপরোয়া হয়ে ওঠে হালুক!
সেভিলায়ের বাড়িতে গিয়ে তাকে গলা টিপে হত্যা করতে চায় হালুক। শেষ মুহূর্তে আলি এসে হালুকের হাত থেকে রক্ষা করে সেভিলায়কে। হালুকের এমন অস্বাভাবিক আচরণ দেখে রানা ও আহমেত হালুককে জোর করে মানসিক হাসপাতালে পাঠায়। কিন্তু হালুক নিজেকে সুস্থ দাবি করলেও তা মানতে নারাজ রানা।
হালুক যখন মানসিক হাসপাতালে তখন কারাগারে মুক্তির প্রহর গুনছে গুনেশ। এখন প্রশ্ন হলো, চারদিকের সব বাধা আর ষড়যন্ত্র মোকাবিলা করে হালুক কি পারবে হাসপাতাল থেকে বেরিয়ে গুনেশকে কারাগার থেকে মুক্ত করতে? নাকি মুক্তির জন্য জাফেরের দেওয়া শর্তই গুনেশকে মেনে নিতে হবে? এসব প্রশ্ন নিয়েই চলবে সূর্যকন্যা।
তুরস্কের নাটকটির বিভিন্ন চরিত্রে বাংলায় কণ্ঠ দিয়েছেন গুনেশ (রুবাইয়া মতিন গীতি), হালুক (রাজু আহমেদ), নাজলি (তানিয়া পাটোয়ারী), সেলিন (নাহিদ আখতার ইমু), রানা (জয়শ্রী মজুমদার লতা), পেরি (নাদিয়া ইকবাল), সাভাশ (মরু ভাস্কর), আলি (শোভন দাস), সেভিলায় (মেরিনা মিতু), ইনজি (শারমিন মৃত্তিকা), এমরে (শাহরিয়ার রানা), তুইচে (ফারিয়া আকতার সোমা), মেলিসা (সাদিয়া খান মৌরি), আহমেদ (রহমত উল্লাহ), জেন (খায়রুল আলম হিমু), জাফের (সজীব রায়) ও অন্যান্য।
ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছে দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। সূর্যকন্যা ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা মিতু এবং প্রযোজনা করেছেন রোমানা হোসেন।
ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক সূর্যকন্যা দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে, ইউটিউব ও ফেসবুকে যেকোনো সময় দেখা যাবে।