প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ১৬:৩৭ পিএম
কানাডা প্রবাসী কণ্ঠশিল্পী জেনিফার। তার বেড়ে ওঠা বাংলাদেশের নোয়াখালী জেলায়। চট্টগ্রাম মহসিন কলেজ থেকে বি কম শেষ করে ২০০০ সালে কানাডার মন্ট্রিয়ল শহরে পাড়ি জমান। কানাডার ফ্রেন্স ভাষার ওপরে ডিপ্লোমা, নার্সিং, রিয়েলএস্টেট এজেন্ট, বিজনেস ল’-এর ওপরে ডিপ্লোমা করেছেন।
ছোটবেলা থেকেই ওস্তাদ অতুল চন্দ্র সূত্রধর, সাথী ব্রেইক এবং বোন রিটার কাছ থেকে গানের হাতেখড়ি। বর্তমানে বাংলাদেশের কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার তাজুল ইসলামের কাছে সংগীত চর্চা চালিয়ে যাচ্ছেন। প্রবাসী হয়েও বাংলাদেশকে ভালবেসে গানের মাঝে নিজেকে গভীরভাবে সংযুক্ত রেখেছেন জেনিফার।
সেই ধারাবাহিকতায় এবার মেলোডি কিং কুমার শানুর সাথে আসছে তার ডুয়েট গান। গানটি প্রকাশিত হবে তার নিজস্ব ইউটিউব চ্যানেল জেনিফার ইউটিউব চ্যানেলে। তিনি জানান, ২৬ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৩টায় প্রকাশ হতে যাচ্ছে এই গান।
‘দিলরুবা’ শিরোনামের এই গানটি লিখেছেন রনিত ঘোষ, সুর করেছেন তাজুল ইসলাম আর সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন। পাশাপাশি তাজুল ইসলামের কথা ও সুরে জেনিফারের মৌলিক কিছু গান জেনিফার ইউটিউব চ্যানেলে রিলিজ হতে যাচ্ছে।
কুমার শানুর সাথে ডুয়েট গান করে উচ্ছ্বসিত জেরিনফার বলেন, ‘শানু দা উপমহাদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। তার সাথে ডুয়েট গান গাওয়া একটা সৌভাগ্যের বিষয়। তিনি আমাকে আশির্বাদ করেছেন এটাই আমার জীবনে বড় পাওয়া। আমি আশা করছি আমাদের গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
ইতিমধ্যে তাজুল ইসলামের কথা ও সুরে জেনিফারের কণ্ঠে ‘ধোকাবাজ’ শিরোনাম একটি মৌলিক গান শ্রোতামহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।