প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ১২:০৬ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩ ১৩:৩২ পিএম
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান একটা সময় সিনেমায় নিয়মিত ছিলেন। বছরে তিন-চারটি সিনেমায় অভিনয় করে থাকতেন আলোচনায়। তবে বিয়ের পর তাকে অভিনয়ে সেভাবে আর দেখছে না দর্শক। এর কারণ হিসেবে পরিবার নিয়ে নিজের ব্যস্ততার কথা জানান ‘ডার্টি পিকচার’ খ্যাত এই অভিনেত্রী।
বড় পর্দায় চার বছরের বিরতির পর বিদ্যাকে এ বছর অভিনয়ে ফিরতে দেখা
যায়। ‘নিয়ত’ নামের সিনেমাটি বক্স অফিসে খুব একটি ব্যবসা করতে পারেনি।
২০২৩ সালে বিদ্যার একটি সিনেমা মুক্তি পেলেও, ২০২৪ সালে তিনি বেশ
বড় পরিকল্পনা নিয়েই প্রস্ততি শুরু করেছেন। তার হাতে রয়েছে ৪টি সিনেমা। যার সবকটি ২৪
সালে মুক্তি পাবার কথা রয়েছে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বিদ্যা তার ২৪ সালের পরিকল্পনা
নিয়ে একটি ভিডিও বার্তা দেন ভক্তদের। বার্তার শুরুতেই পূজার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,
‘কলকাতার মন্দিরে এসেছি। যেখান থেকে আমার অভিনয় জীবন শুরু হয়েছিল। আবার সেই জীবনে নতুন
করে ব্যস্ততা শুরু হচ্ছে। মায়ের আশীর্বাদের পাশাপাশি সবার আশীর্বাদ কামনা করছি। আশা
করছি সামনের বছর আপনাদের জন্য বেশকিছু সিনেমা উপহার হিসেবে দিতে পারব।’
বাঙালি সাজে মন্দিরে হাজির হন বিদ্যা। পরনে ছিল লাল রঙের শাড়ি, চুল
তুলে খোঁপা করে হাতে পূঁজার ডালা নিয়ে দেখা যায় তাকে। খালি পায়ে মন্দিরের সামনের গেট
দিয়েই বাকিদের মতো প্রবেশ করেন তিনি। যার ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার
করেন এই অভিনেত্রী।
জানা গেল, ২০২৪ সালের সিনেমাগুলোর কাজ ইতোমধ্যেই বিদ্যার শুরু করার
কথা রয়েছে। যার শুটিং প্রস্ততিও তিনি নিয়েছেন।
আগামী বছর মুক্তি পাওয়া চারটি সিনেমার তালিকায় রয়েছে পরিচালক মানি
রত্নমের ‘কেএইচ২৩৪’ সিনেমা। বিদ্যা ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন কামাল হাসান। এ ছাড়া
নির্মাতা নিখিল আদভানির চাঁদ ভাই ও সঞ্জয় লীলা বনসালির চিনাব গান্ধী সিনেমায় অভিনয়
করতে দেখা যাবে তাকে। বাকি আরেকটি সিনেমার নাম এখনও ঠিক হয়নি।