প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩ ১৮:৩৯ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩ ১৯:২৮ পিএম
সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী উরুগুয়ের শেরিকা ডি আরমাস। ছবি : সংগৃহীত
সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী উরুগুয়ের শেরিকা ডি আরমাস মাত্র ২৬ বছর বয়সে মারা গেছেন।
জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ অক্টোবর) মারা যান তিনি। তাকে কেমো ও রেডিওথেরাপি দেওয়া হয়েছিল।
শেরিকা ডি আরমাসের এভাবে চলে যাওয়া কাঁদিয়েছে সবাইকে। সামাজিকমাধ্যমে তার ভাই মেক ডি আরমাস বলেন, ‘অসীমে উড়তে থাকো ছোট্ট বোন আমার, সব সময় ও চিরকাল।’
২০২২ সালের মিস ইউনিভার্স উরুগুয়ে কারলা রোমেরা শোক প্রকাশ করে লেখেন, ‘এই জীবনে যত সুন্দর মনের মানুষের সঙ্গে মিশেছি তাদের মধ্যে অন্যতম ছিলে তুমি- শেরিকা ডি আরমাস।’
২০২১ সালের মিস উরুগুয়ে লেখেন, ‘আমি সব সময় তোমাকে মনে রাখব। শুধু এজন্য নয় যে তুমি আমাকে কী পরিমাণ সহযোগিতা করেছ কিংবা আমার এগিয়ে যাওয়াকে এভাবে চেয়েছ। তোমার স্নেহ, উচ্ছ্বাস, বন্ধুরা আমার কাছে রয়ে গেল।’
চীনে ২০১৫ সালে বসা মিস ওয়ার্ল্ডের আসরের শীর্ষ ৩০ প্রতিযোগীর মধ্যে ছিলেন না শেরিকা ডি আরমাস। তবে প্রতিযোগিতায় অংশ নেওয়া মাত্র ১৮ বছর বয়সি ছয়জনের মধ্যে তিনি ছিলেন একজন।