× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ী সিঁথির গল্প

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ১৬:০৪ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩ ১৬:১১ পিএম

জয়ী সিঁথির গল্প

কণ্ঠশিল্পী সিঁথি সাহা। ২০২২ সালে জানতে পারেন তার শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। তিনি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসা চলছিল। তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যানসারের কাছে হেরে যাওয়ার আগে পৃথিবীতে নিজের অস্তিত্ব রেখে যাবেন। তাই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অবশেষে সেই শিল্পীর কোল আলো করে এলো সন্তান। ১৯ সেপ্টেম্বর দূর নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি হাসপাতালে সিঁথির কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যাসন্তান। তার নাম রেখেছেন সামারা জয়ী।

নিজের ক্যানসারের বিষয়ে ও মা হওয়ার খবর জানিয়ে সিঁথি বলেন, ‘গত বছর (২০২২) একটি খবর আমার জীবনকে ওলটপালট করে দেয়। আমি নিশ্চিত হই, আমার শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। আমি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হই। চিকিৎসা চলছিল। কিন্তু বারবার মনে হতে লাগল, ক্যানসারের কাছে হেরে যাওয়ার আগে আমার একটা অস্তিত্ব রেখে যেতে চাই এই সুন্দর পৃথিবীতে। মূলত সেই সিদ্ধান্ত থেকেই কনসিভ করা। কিন্তু যেহেতু আমার শরীর ভালো ছিল না, কঠিন চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিলাম, ফলে আদৌ আমি আমার বাচ্চাটাকে পৃথিবীর আলোয় চোখ মেলাতে পারব কি না, সে বিষয়ে যথেষ্ট দুশ্চিন্তায় ছিলাম। অবশেষে আমি জয়ী হয়েছি। আমার জয়ীকে পৃথিবীর আলোয় আনতে পেরেছি। এবার আমার আর কিছুই চাওয়ার নেই, হারাবার নেই। আমাদের জন্য দোয়া করবেন সবাই।’ 

সিঁথি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যানসার নিয়েও মা হওয়ার গল্প জানিয়েছেন। সেখানে তিনি বলেন, যখন অন্তঃসত্ত্বা, ওই সময়ই আমার শরীরে ক্যানসার ধরা পড়ে। ওই অবস্থায় অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হয়েছে। অনেক কষ্ট হয়েছে। এ কারণে চিকিৎসক মনে করেছিলেন, বাচ্চা নেওয়ার বিষয়ে জটিলতা তৈরি হতে পারে।

এরপর তিনি বলেন, ‘অন্তঃসত্ত্বা হওয়ায় ক্যানসারের ওষুধও বন্ধ করতে হয়েছিল। সব মিলিয়ে এক অনিশ্চয়তার মধ্যে ছিলাম। তবে অনেক যুদ্ধের পর একটা সময় চিকিৎসকের কাছ থেকে জানতে পারি, ক্যানসার থেকে আমি সম্পূর্ণ মুক্ত। কিছুদিন ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে।’

মা হওয়াকে আশীর্বাদ মনে করছেন সিঁথি। এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, মা হওয়া আমার জন্য আশীর্বাদ। কয়েক বছর মানসিকভাবে খারাপ অবস্থায় ছিলাম। এ সময়ের মধ্যে অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছিও। তার মধ্যে আমার সন্তান শ্রেষ্ঠ উপহার। ক্যানসারের মতো এত বড় ঝুঁকি জয় করে এই উপহার আমার জন্য আশীর্বাদ।’

বর্তমানে সুস্থ আছেন সিঁথি। তিনি এ ব্যাপারে ফেসবুকে লেখেন, ‌‌‘ক্যানসার আক্রান্ত হওয়ার পর নিজে নিজে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করিয়েছি। আমার অসুখ প্রাইমারি স্টেজে ছিল বলে অল্পের ওপর দিয়ে বেঁচে গেছি। ভালোভাবে আমার ক্যানসারের চিকিৎসা শেষ হয়েছে এবং আমি ঈশ্বরের কৃপায়, সবার আশীর্বাদে ভালো আছি। যদিও ক্যানসারের কোনো গ্যারান্টি নেই, তবু আমি এখন সুস্থ। আপনাদের সবার ভালোবাসা আমার শক্তি। আমি ভালো আছি এখন। দেশে ফিরব তাড়াতাড়ি এবং কাজে নিয়মিত হব।’

চলতি বছরের নভেম্বরে দেশে ফিরবেন বলে জানিয়েছেন সিঁথি। আশা করছেন, ডিসেম্বরে গান শুরু করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা