প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ১৬:১৮ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩ ১৭:১২ পিএম
মিস ইউনিভার্সে যোগ দিয়ে সমালোচিত হচ্ছেন পাকিস্তানের এরিকা রবিন! বিশ্বমঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার আগেই তুমুল কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাকে। বিবিসির রিপোর্ট অনুযায়ী ২৪ বছর বয়সি এরিকা রবিন মিস ইউনিভার্স পাকিস্তানের খেতাব জেতেন। তারপরই তিনি আগামী মাসে এল সালভাদরে অনুষ্ঠেয় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নাম দেন। আর তারপরই শুরু হয় সমালোচনা।
এরিকা রবিন করাচির বাসিন্দা। তিনি পাঁচ প্রতিযোগীর মধ্যে মিস ইউনিভার্স পাকিস্তান হিসেবে বিবেচিত হন। গত মাসে মালদ্বীপে এই অনুষ্ঠান হয়েছিল। সেখানেই তিনি হিরা ইনাম, জেসিকা উইলসন, মালিকা আলভি এবং সাবরিনা ওয়াসিমকে হারিয়ে বিজয়ী হন।
বিশ্বমঞ্চে এমন একটা প্রতিযোগিতায় এরিকা নাম দেওয়ায় খুশি নন অনেকেই। পাকিস্তানের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতারাই সমালোচনা করেছেন তার। তাদের মতে, এমন একটি অনুষ্ঠানে নাম দেওয়াটাই পাকিস্তানের অপমান। অনেকেই আবার বলেছেন, এমন আন্তর্জাতিক একটি প্রতিযোগিতায় না কি দেশের অনুমতি ছাড়াই নাম দিয়েছেন তিনি। রক্ষণশীল ব্যক্তিরা চরম কটাক্ষ করছেন এরিকার।
পাকিস্তান সরকারের অনুমতি ছাড়া কী করে মিস ইউনিভার্স পাকিস্তান ইভেন্ট আয়োজিত হলো আর সেখানে কী করেইবা পাঁচ পাকিস্তানি মহিলা নাম দিল, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক রাজনৈতিক নেতা। দেশের অনুমতি ছাড়া এভাবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নাম দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন তারা। দেশটির জামায়াতে ইসলামী পার্টির নেতা তথা সিনেটর মুস্তাক আহমেদ ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি টুইটারে ক্ষোভ উগরে লেখেন, ‘পাকিস্তানে এই বিউটি পেজেন্টের আয়োজন করল কারা?’ আনোয়ার উল হক কাকার আবার তাদের দেশের ইন্টেলিজেন্স এজেন্সিকে বলেছেন, খোঁজ নিতে যে কারা দেশের অনুমতি ছাড়াই দেশে এমন একটা ইভেন্টের আয়োজন করল? তিনি একই সঙ্গে এই ঘটনাকে পাকিস্তানি মহিলাদের অপমান বলেও দাবি করেন।
পাকিস্তান সরকারের পক্ষে মুর্তাজা সোলাঙ্গী লেখেন, ‘আমাদের সরকার কোনো বেসরকারি সংস্থা বা ব্যক্তিকে এমন কোনো কাজের দায়ভার দেয়নি। এমন কোনো কাজে কোনো ব্যক্তি বা সংগঠন দেশ বা সরকারের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে না।’
প্রসঙ্গত মিস ইউনিভার্সের ৭২ বছরের ইতিহাসে এতদিন পাকিস্তানের পক্ষে কখনও কোনো প্রতিযোগীকে পাঠানো হয়নি। অনেকের মতেই এরিকার এই অংশগ্রহণ আদতে সেই দেশের মূল্যবোধবিরোধী। যদিও এসবকে মোটেই পাত্তা দিতে আগ্রহী নন তিনি। তিনি রক্ষণশীলদের চিন্তা ধারণা ডিঙিয়ে এই বিউটি পেজেন্টে নাম দেবেন বলে বদ্ধপরিকর।