প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩ ১৪:১৭ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩ ১৪:২০ পিএম
‘মুজিব : একটি জাতির রূপকার’ ছবিতে তাজউদ্দীন আহমদের চরিত্রটি করছেন অভিনেতা রিয়াজ। শুরুতে চরিত্রটি করার কথা ছিল ফেরদৌসের। কিন্তু ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় শেষ পর্যন্ত আর কাজটি করার সুযোগ হয়নি। পরে সেই চরিত্রের জন্য ডাক পান রিয়াজ। ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র তাজউদ্দীন। তাই এই চরিত্রের জন্য প্রস্তুতি নিতে হয়েছে।
রিয়াজ বলেন, ‘আমি তো আমার কাজ করার বিষয়টা সবার পরে জানতে পেরেছি। তাই সময়ও পেয়েছি কম। এরপরও যা সময় পেয়েছি, প্রস্তুতি নিয়েছি। তার কিছু ভিডিও দেখেছি। বই পড়ে জেনেছি। যতটুকু করা দরকার করেছি। বাকিটা পরিচালক যেভাবে বলেছেন, সেভাবেই কাজ করে গেছি। তার নির্দেশনা অনুসরণ করে গেছি।’
মুম্বাইয়ে ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে শুটিংয়ের অভিজ্ঞতা বেশ সুখকর ছিল বলে জানান রিয়াজ। তিনি বলেন, ‘কাজের পুরো সিস্টেম তো অসাধারণ লেগেছে। একসঙ্গে ১২০০ শিল্পী নিয়েও দৃশ্য ধারণ করা হয়েছে, তবে পরিবেশ ছিল খুবই সুশৃঙ্খল। শিল্পীর কলটাইম মানে কলটাইম, এক সেকেন্ডের এদিক-সেদিক নেই। আমার কাছে তো পুরো শুটিং সময় অন্যরকম অভিজ্ঞতায় পরিপূর্ণ ছিল। তারা পরিষ্কার জানেন, তারা কী করতে চান। সবকিছুই আগে থেকেই সেট করা, প্ল্যান অনুযায়ী করেছেন। চলচ্চিত্রের প্রতিটি বিভাগের মধ্যে যে অসাধারণ সমন্বয়, তা থেকেও অনেক কিছু শেখার আছে। পেশাদার ইউনিট, পেশাদারভাবেই কাজ করে।’
‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করা সম্পর্কে রিয়াজ জানান, ‘অসাধারণ সব সিনেমা নির্মাণ করেছেন তিনি। আমরা তার পরিচালনায় কাজ করতে পেরে ভীষণ আনন্দিত। এই পরিচালকের নিজস্ব স্টাইল আছে। তিনি তার স্টাইলে যা দরকার, সবার কাছ থেকে তা-ই আদায় করে নিচ্ছেন। তাকে যারা সহযোগিতা করছেন, তারাও বেশ সংগঠিত। এত বয়স হয়েছে, তারপরও কাজের স্ট্যামিনা মারাত্মক। এই বয়সেও খুব সকালে ওঠেন। দেখতে বয়স হয়েছে মনে হলেও, কাজের সময় তিনি টগবগে তরুণ।
আমরা সব সময় জেনে এসেছি, ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অব দ্য শিপ। বাংলাদেশে এটা অনেক ক্ষেত্রে মনে হয় না। ওখানে কাজ করতে গিয়ে মনে হয়েছে, সত্যিকারের ক্যাপ্টেনের সঙ্গে কাজ করছি।’