প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ১২:৫৭ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩ ১৩:১০ পিএম
দর্শকপ্রিয় নন্দিত অভিনেত্রী সোহানা সাবা তার মনের ইচ্ছা পূরণ করতে যাচ্ছেন। দীর্ঘ ১৭ বছর ধরে সাবা নিয়মিত মেডিটেশন করে আসছেন। এর পাশাপাশি বেশ কয়েক বছর তিনি ইয়োগাও করছেন। ‘হৃষিকেশ’ থেকে তিনি ইয়োগার টিচার্স ট্রেনিং কোর্সও সম্পন্ন করে এসেছেন। তাই কয়েক দিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছেন রাজধানীর গুলশানে আগামী কিছুদিনের মধ্যেই ইয়োগা প্রশিক্ষণ সেন্টারের যাত্রা শুরু করবেন। তিনি নিজেই প্রশিক্ষণ দেবেন। নার্সারি থেকে একটি লেভেল পর্যন্ত তিনি ইয়োগা প্রশিক্ষণ দেবেন। সোহানা সাবা তার নিজের এই প্রতিষ্ঠানের নামকরণ করেছেন তিনি নিজেই। নাম দিয়েছেন ‘ইয়োগিস’।
ইয়োগা থেকে ইয়োগি এবং নিজের নাম থেকে এস নিয়ে তিনি নামকরণ করেছেন ‘ইয়োগিস’। এখন তার পুরো চিন্তাভাবনা যেন এই ইয়োগিস ঘিরেই। তবে সোহানা সাবা জানান, আগামী কয়েক মাসের মধ্যে তিনি সিনেমা প্রযোজনায়ও আসছেন, যাতে গল্পের প্রধান চরিত্রে তিনি নিজেই অভিনয় করবেন। আগামী কিছুদিনের মধ্যে তিনি একটি ওয়েব সিরিজেও কাজ করতে যাচ্ছেন। তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘খামারবাড়ি’ থেকে সিনেমাটি প্রযোজিত হবে বলে নিশ্চিত করেছেন সোহানা সাবা।
আগামী ২০ অক্টোবর ‘অসম্ভব’ সিনেমা মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন পরিচালক অরুণা বিশ্বাস। এই সিনেমায় অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা।
এদিকে আজ সোহানা সাবার জন্মদিন। এবারের জন্মদিন তিনি দেশে উদযাপন করছেন না। গতকালই তিনি দেশের বাইরে উড়াল দিয়েছেন। নিজের ‘ইয়োগিস’, প্রযোজনা, জন্মদিন এবং অভিনীত সিনেমা প্রসঙ্গে সোহানা সাবা বলেন, ‘অনেকেই আমাকে ইয়োগা শেখার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন বিধায় আমি ইয়োগার টিচার্স ট্রেনিং কোর্সটা সম্পন্ন করেছি। যে কারণে শিগগিরই ইয়োগিসের যাত্রা শুরু হতে যাচ্ছে। আর প্রযোজনা করার ইচ্ছা ছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে এ বছরের শেষেই খামারবাড়ি থেকে প্রযোজনায় আসছি। জন্মদিনটা একটু নিজের মতো করেই উদযাপন করতে চেয়েছি বিধায় দেশের বাইরে চলে এসেছি। আশা করছি সময়টা ভালো কাটবে। আর দেশে ফিরে অরুণা দিদির অসম্ভব সিনেমার প্রচারণায় থাকার আন্তরিক চেষ্টা থাকবে আমার। ইয়োগিস এবং আমার প্রযোজিত সিনেমার জন্য সবার সহযোগিতা চাইছি, দোয়া চাইছি।’
সাবা শেষ করেছেন আফজাল হোসেনের পরিচালনায় ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে আছেন ফেরদৌস আহমেদ।