প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ১০:৩০ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩ ১০:৩৪ এএম
বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনেত্রী সারা আলী খান ও অনন্যা পাণ্ডে। বক্স অফিসে দুজনই এ বছর বেশ ভালো সুবিধা করেছেন। এবার দুজনকে একসঙ্গে দেখা যাবে। তবে কোনো সিনেমায় নয়। তারা জনপ্রিয় রিয়্যালিটি শো কফিউইথ করণে ফ্রেম বন্দি হবেন।
অনন্যা পাণ্ডে ও সারা আলী খান দুজনই বলিউড পরিবার থেকে এসেছেন। সারার বাবা বলিউড অভিনেতা সাইফ আলী খান। মা অভিনেত্রী অমৃতা সিং। আর অনন্যার বাবা বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডে। দুজনই স্টার কিডের তকমা নিয়ে বি-টাউনে পা রেখে এখন ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত অভিনেত্রী।
তাদের দুজনকে একসঙ্গে কফি উইথ করণের সিজন আটে দেখা যাবে। যেখানে তারা কথা বলবেন নিজেদের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে।
এ বিষয়ে বলিউড হাঙ্গামাকে নির্মাতা ও প্রযোজক করণ জোহর বলেন, ‘আমি খুবই আনন্দিত। বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনেত্রীকে একসঙ্গে পেয়েছি। তাদের কাছ থেকে জানব, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত জীবনের বেশকিছু গোপন তথ্য। সবাই শোয়ের দিকে নজর রাখুন।’ জানা গেছে, এই এপিসোডের শুটিং এখনও শুরু হয়নি।
সারাকে সবশেষ ‘যারা হাটকে যারা বাঁচকে’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। সিনেমায় তিনি প্রথমবার অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে জুটি বাঁধেন। স্বল্প বাজেটের সিনেমাটি বলিউড বক্স অফিস থেকে এখন পর্যন্ত আয় করেছে ১১৬ কোটি রুপি।
এদিকে অনন্যা পাণ্ডেকে সর্বশেষ অভিনয় করতে দেখা গেছে ‘ড্রিম গার্ল টু’ সিনেমায়। আয়ুষ্মান খুরানার সঙ্গে তার কিমিস্ট্রি দর্শকদের ভালোই বিনোদন দিয়েছে। বক্স অফিস থেলে সিনেমাটির আয় ৩৫০ কোটি রুপির কাছাকাছি।