× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তপন-তিথির কিছুটা সময়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩ ১৩:৫৮ পিএম

গানের মিউজিক ভিডিওর দৃশ্যে তপন চৌধুরী ও জান্নাতে রোম্মান তিথি

গানের মিউজিক ভিডিওর দৃশ্যে তপন চৌধুরী ও জান্নাতে রোম্মান তিথি

বাংলাদেশের গানের ভুবনের নন্দিত, জনপ্রিয় শিল্পী তপন চৌধুরী বেশ কিছুদিন বিরতির পর ঢাকায় এসেছেন। পারিবারিক কাজে ১০-১৫ দিন ঢাকায় থাকবেন। শিল্পীমন বলে কথা। তাই নতুন গানের প্রস্তাব পেয়ে গানটি ভীষণ ভালোলাগার কারণে কণ্ঠ দিয়েছেন। পাশাপাশি গানের মিউজিক ভিডিওর শুটিংও করেছেন তিনি। গানের শিরোনাম ‘কিছুটা সময়’।

গানটি লিখেছেন ও সুর করেছেন রিপন চৌধুরী। যার লেখা গান এর আগে সুবীর নন্দী, মিতালী মুখার্জি, ফাহমিদা নবী, রূপঙ্করও গেয়েছেন। তপন চৌধুরীর সঙ্গে এ গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জান্নাতে রোম্মান তিথি। গেল সোমবার রাজধানীর অদূরে পূর্বাচলে গানটির মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিয়েছেন তপন চৌধুরী ও তিথি। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাইফুল।

গানটি প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, ‘গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কানাডা থাকতেই গানটি আমার কাছে পাঠানো হয়। আমার কাছে ভালোলাগায় গানটির কাজ দেশে এসে শেষ করি আমি। তিথি একজন পরিশীলিত শিল্পী। যারা তার গান নিয়মিত শোনেন তারা বুঝবেন আমি কী বোঝাতে চেয়েছি। তিথির কণ্ঠটা ভীষণ মিষ্টি। যে কারণে তার সঙ্গে গাইতে সম্মত হয়েছি এবং সব মিলিয়ে কিন্তু গানটি খুব ভালো হয়েছে। তিথি সব মিলিয়ে একজন পরিপূর্ণ শিল্পী। তার পারসোনালিটি আমাকে মুগ্ধ করেছে। তার জন্য শুভকামনা রইল।’ 

তিথি বলেন, ‘এটা আমার জন্য পরম সৌভাগ্যের বিষয় যে তপন চৌধুরী দাদার মতো একজন জীবন্ত কিংবদন্তি শিল্পীর সঙ্গে গান গাইতে পেরেছি। এটা যে কত বড় পাওয়া তা ভাষায় প্রকাশের নয়। সত্যিই এটি একটি অসাধারণ গান। কারণ গানটির সুর ও কথা মিলেমিশে একাকার হয়ে গেছে। তপন দাদা এমন একজন শিল্পী যার কণ্ঠ থেকে সুরের মেলোডি সব সময়ই ঝরে। সেই দাদার সঙ্গে গানটি যখন গেয়েছি তখন খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি সব শ্রেণির শ্রোতা-দর্শকের মন জয় করে নেবে।’ তিথি জানান, আসছে দুর্গাপূজা কেন্দ্র করেই গানটি শিগগির প্রকাশ করা হবে। এদিকে তপন চৌধুরী ১২ অক্টোবর সিলেটের বিশ্বনাথে যাবেন একটি বিয়েতে অংশ নিতে। সেখান থেকে ঢাকায় ফিরে তারপর কানাডা চলে যাবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা