প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১৭:৫১ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১৮:২৬ পিএম
বলিউডের ইতিহাস সৃষ্টিকারী অন্যতম ব্লকবাস্টার ছবি ‘দঙ্গল’-এর নায়িকা ফাতিমা সানা শেখ। সিনেমা হলের সফলতা বলতে এই এক ছবিই রয়েছে তার ঝুলিতে। ‘দঙ্গল’-এর পরের সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’ সুপার ফ্লপ। আমির খান ও অমিতাভ বচ্চনের মতো তারকা থাকলেও সেই সিনেমা ব্যবসায়িক সফলতা পায়নি।
সিনেমাটি মনে হয় কপালটা পুড়িয়েছিল ফাতিমার। এরপর অভিনেত্রীর আর কোনো ছবি সিনেমা হলে মুক্তি পায়নি। ‘লুডু’, ‘সুরাজ পে মঙ্গল ভারি’, ‘আজীব দস্তান’, ‘থর’, ‘মডার্ন লাভ মুম্বাই’-এর মতো তারকাবহুল সিনেমাগুলো ওটিটিতে মুক্তি পায়। প্রতিটি সিনেমাতেই ফাতিমার অভিনয় প্রশংসিত হয়।
তবু ফাতিমা অপেক্ষায় ছিলেন ফের কবে বড়পর্দায় মুখ দেখাবেন। একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেনও বড়পর্দায় মুখ দেখানোর জন্য মুখিয়ে আছেন। পাঁচ বছর পর ফাতিমার সিনেমা বড়পর্দায় মুক্তি পাচ্ছে। অভিনেত্রী তাপসী পান্নু প্রযোজিত ‘ধাক ধাক’ প্রথমে ওটিটিতে মুক্তি দেওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত বদল হয়েছে।
৮ অক্টোবর সিনেমাটির ট্রেলার ভাইওকমসের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়। যেখানে ফাতেমাকে নতুন এক রূপে দেখতে পায় ভক্তরা। ট্রেলারের শুরুতেই দেখা যায় গোলাপি পোশাকে স্কেটিং বুট পরে হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করছেন তিনি। যার বাইকের প্রতি আলাদা একটি ভালোবাসা রয়েছে। কিন্তু পরিবার তার এই ভালোবাসাকে একদমই সমর্থ করে না। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প।
আগামী ১৩ অক্টোবর সিনেমা হলে মুক্তি দেওয়া হবে ‘ধাক ধাক’। সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত ফাতিমা বলেন, ‘মনে হচ্ছে নতুন এক যাত্রা শুরু হচ্ছে। ছবির গল্পটাও এমন। নারীকেন্দ্রিক ছবিটির পরতে পরতে রয়েছে জীবনে নতুন কিছু খুঁজে পাওয়া।
এদিকে সিনেমা হলে ছবি মুক্তি পাওয়ার মাসে ওয়েব সিরিজেও চুক্তিবদ্ধ হয়েছেন ফাতিমা। সিরিজটির নাম এখনও ঠিক হয়নি। পরিচালনা করবেন স্বামী-স্ত্রী করণ কাপাডিয়া ও নিত্যা মেহরা। থ্রিলার সিরিজটির মূল গল্প এক আশ্রমকে ঘিরে। আগামী মাস থেকেই শুরু হবে শুটিং।
ফাতিমার হাতে আরও রয়েছে আমির খান প্রযোজিত ‘জয়া জয়া জয়া হে’, মেঘনা গুলজার পরিচালিত ‘শ্যাম বাহাদুর’, অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’-এর মতো ছবি। তিনটি ছবিই প্রথমে সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
‘ধাক ধাক’ সিনেমায় ফাতিমা ছাড়াও আরও অভিনয় করেছেন সঞ্জনা সাঙ্ঘাই, দিয়া মির্জা, বেনেডিক গ্যারেট, রাতনা পাঠাক শাহ্, আভিনাশ পাণ্ডে ও তাজিফা।