প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১৭:৩৬ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১৭:৩৭ পিএম
চলতি বছর বিশ বছরের মাইলফলক স্পর্শ করেছে দেশের জনপ্রিয় সফট রক ব্যান্ড মেঘদল। এ উপলক্ষে জমকালো আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন ব্যান্ডের সদস্যরা। তার আগে একটি একক কনসার্টের আয়োজন করবে ব্যান্ডটি।
আগামী ১৩ অক্টোবর রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে মেঘদলের একক কনসার্ট। কনসার্টের শিরোনাম ‘শরতে মেঘদল’। টিকিট সংগ্রহের মাধ্যমে শ্রোতারা এই আয়োজন উপভোগ করতে পারবেন। টিকিটের সঙ্গে উপহার হিসেবে থাকছে ‘শরতে মেঘদল’ কনাসার্টের একটি পোস্টার; যার ডিজাইন করেছেন সব্যসাচী মিস্ত্রি এবং আর্ট করেছেন সৌরভ সরকার।
এ আয়োজন নিয়ে মেঘদল ব্যান্ডের কণ্ঠশিল্পী মেজবাউর রহমান সুমন বলেন, ‘অনেক দিন একক কনসার্ট করার সুযোগ হয়নি আমাদের। বেশিরভাগ কনসার্টই ছিল বিভিন্ন ব্যান্ডের সঙ্গে। যেখানে ৫ থেকে ৭টির বেশি গান পরিবেশনের সুযোগ ছিল না। সে কারণেই অনেক দিন পর একক কনসার্টের আয়োজন। এতে থাকছে নতুন ও পুরোনো মিলিয়ে ২৫টি গানের পরিবেশনা। যারা মেঘদলের ভক্ত, অনুরাগী কনসার্টটি তাদের প্রত্যাশা পূরণ করবে বলেই আশা করছি। সুমন আরও জানান, চলতি বছর পথচলার দুই দশক পূর্ণ হয়েছে মেঘদলের।
এ সময় সুমন আরও জানান, শিগগিরই একটি সংগীত উৎসবের মধ্য দিয়ে দুই দশক পূর্তি উদযাপন করবেন তারা। একই সঙ্গে নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র পাশাপাশি অ্যালবাম কালেক্টরদের জন্য একটি ভিনাইল রেকর্ড অ্যালবাম প্রকাশের পরিকল্পনাও রয়েছে তাদের। আর এ সবকিছুর প্রাথমিক আয়োজন হিসেবেই ‘শরতে মেঘদল’ কনসার্টের পরিকল্পনা।
‘অ্যালুমিনিয়ামের ডানা’ অ্যালবামে মোট ১০টি গান থাকবে। এর মধ্যে বেশ কিছু গান ইতোমধ্যেই
প্রকাশ হয়েছে। বাকি গান এ বছরই প্রকাশ করা হবে।
মেঘদলের বর্তমান লাইনআপÑ শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এমজি কিবরিয়া (বেজ গিটার), তানভীর দাউদ রনি (কিবোর্ড) ও সৌরভ সরকার (বাঁশি, ক্লারিনেট, স্যাক্সোফোন)।