প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ১৮:১০ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩ ১৮:১৩ পিএম
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুতুল ঘিরে নির্মিত সিনেমা ‘বার্বি’। এ সিনেমায় রয়েছে একঝাঁক তারকা। ইতোমধ্যে সিনেমাটি আয়ের দিক থেকে বেশ কিছু ইতিহাস গড়েছে। এর মধ্যে ওয়ার্নার ব্রাদার্সের ইতিহাসে শত বছরের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে ‘বার্বি’ এখন সবার ওপরে।
গত ২১ জুলাই মুক্তি পায় বার্বি। ক্রিস্টোফার নোলানের ওপেনহেইমার সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে বক্স অফিস থেকে সিনেমাটির এখন পর্যন্ত আয় ১.৪ বিলিয়ন ডলার। নারীকেন্দ্রিক সিনেমায় হলিউডের এটাই সর্বোচ্চ আয়।
এদিকে এ সিনেমায় গান গেয়ে ইতোমধ্যে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ব্রিটিশ পপতারকা ডুয়া লিপা। তার ড্যান্স দ্য নাইট গানটি ইউটিউবে এখন পর্যন্ত ১১৫ মিলিয়ন দর্শক দেখেছে; যা এ বছর কোনো সিনেমার গানে সর্বোচ্চ। তথ্যটি গণমাধ্যমে নিশ্চিত করেছে হলিউডভিত্তিক গণমাধ্যম বিলবোর্ড।
গানটি ডুয়া লিপার বার্বি দ্য অ্যালবামের। সিনেমার জন্য এ অ্যালবামটি প্রকাশ করা হয়। এই অ্যালবামে মোট তিনটি গান রয়েছে। যেগুলো বার্বি সিনেমায় ব্যবহার করা হয়েছে। তাই সিনেমার মতো গানটির সফলতা নিয়েও বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী মার্গেট রবি ও ডুয়া লিপা। দুজনই নিজেদের ইনস্টাগ্রামে ড্যান্স দ্য নাইট গানটি নিয়ে দিয়েছেন পোস্ট।
ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’ পরিচালনা করেছেন গ্রেটা গেরউইগ। সিনেমায় মার্গট রবি ও রায়ান গসলিং দুজন বার্বি ও কেইন হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া মার্কিন পপতারকা ডুয়া লিপা মারমেইড বার্বি চরিত্রে অভিনয় করেছেন।