প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩ ১২:০৯ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩ ১২:২১ পিএম
বাংলাদেশে মডেলিং জগতের তুমুল জনপ্রিয় মডেল ছিলেন তিনি, নাম মোনালিসা।
বিজ্ঞাপনে মডেল হিসেবে তার তারকাখ্যাতির শুরুটাই ছিল আকাশছোঁয়া। এখনও মোনালিসার স্নিগ্ধ
মিষ্টি হাসি অনেক দর্শক-ভক্তের মনে অন্যরকম দোলা দিয়ে যায়। কাজ করেছিলেন অনেক নাটক
ও মিউজিক ভিডিওতেও।
সেই মোনালিসা এখন থাকেন সুদূর আমেরিকায়। শীতের পাখির মতো অতিথি হয়ে
ফেরেন মাতৃভূমিতে। তখন নতুন করে কিছু কাজে দেখা যায় তাকে। আজ এই তারকার জন্মদিন।
দীর্ঘদিন তার দেশে ফেরা হচ্ছে না। আবার কবে দেশে আসবেন মোনালিসা এ
বিষয়েও কোনো নিশ্চয়তা দিতে পারেননি। তবে পরিবারের মানুষদের সঙ্গে কিছুটা সময় কাটানোর
জন্য মনটা ব্যাকুল হয়ে আছে তার। সময় সুযোগ করে দেশে ফিরবেন জনপ্রিয় এই মডেল তারকা।
তবে মাঝেমধ্যে বিদেশে থেকেও কাজ করেন তিনি। ২০২০ সালের ঈদে হিমেল
আশরাফের পরিচালনায় তাহসানের সঙ্গে ‘দেখা হবে’ নাটকে সর্বশেষ অভিনয় করেন। নাটকটি রচনা
করেছিলেন মুনতাহা বৃন্তা।
আগস্টে তাকে দেখা গিয়েছিল কানাডার একটি মিউজিক্যাল শোতে। সেখানে তাহসান,
বালাম ও ইমরানদের সঙ্গে দেখা গিয়েছিল মোনালিসাকে। এ ছাড়া ফেসবুকে দর্শকের সঙ্গে যোগাযোগ
রক্ষা করে যাচ্ছেন তিনি। প্রিয় তারকার নানা ছবি ও ভিডিওগুলোতে দর্শকের আগ্রহ দেখলেই
বোঝা যায় এখনও কত জনপ্রিয় তিনি।
২০০০ সালে মিস ফটোজেনিক খেতাব লাভ করে শোবিজে পথচলা শুরু করেন মোনালিসা।
মোনালিসার সংস্কৃতি অঙ্গনে পদচারণা শুরু হয় ১০ বছর বয়সে নাচ ও মডেলিং দিয়ে। নৃত্যশিল্পী
হিসেবে তিনি রাষ্ট্রীয় সফরে তুরস্ক যান। মডেলিংয়ে তারিক আনাম খান নির্দেশিত ফেয়ার
অ্যান্ড লাভলির বিজ্ঞাপন দিয়ে তিনি প্রথম সবার নজর কাড়েন। কাগজের ফুল তার প্রথম টিভিনাটক।
হুমায়ূন আহমেদ পরিচালিত তৃষ্ণা নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান। ২০১১ সালে তিনি এক
পর্বের নাটক বাজি, একটু ভালোবাসা, বান্দুলুম ও রোমিওরা এবং ধারাবাহিক নাটক অল রাউন্ডার
ও ভালো থেকো ফুল মিষ্টি বকুলে অভিনয় করেন। ২০১২ সালে ঈদের বিশেষ নাটক চম্পাকলি এবং
সাগর জাহান পরিচালিত সিকান্দার বক্স সিরিজের ছয় পর্বের মিনি ধারাবাহিক সিকান্দার বক্স
এখন বিরাট মডেলে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন। এ ছাড়া মাহফুজ আহমেদের সঙ্গে
ফিজ-আপের বিজ্ঞাপনে কাজ করে দারুণ জনপ্রিয়তা পান।
২০১২ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে বিয়ের
পর ২০১৩ সালে তিনি স্বামীর সঙ্গে নিউইয়র্ক চলে যান। সেখানে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক
বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ করেন। তিন বছর পর তিনি দেশে
ফিরে আসেন এবং আবার মডেলিং ও অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় তিনি কিছু টিভিসিতে
কাজ করেন। দীর্ঘ বিরতির পর তিনি আটটি ঈদের বিশেষ নাটকেও অভিনয় করেন। এরপর সর্বশেষ
তিনি ২০১৮ সালে দেশে এসেছিলেন। তখনও বেশকিছু নাটক-বিজ্ঞাপনে কাজ করেন মোনালিসা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে সংসার ভেঙে গেছে
তার। নতুন করে আর সংসার পাতেননি এই প্রিয়মুখ।