প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩ ১১:১৫ এএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩ ১১:২২ এএম
চারদিকে ভাঙনের হাহাকার। ভালোবেসে ঘর বেঁধেও সুখের দেখা পান না অনেকে। নেমে আসে বিচ্ছেদ। শোবিজে এমন চিত্র নিয়মিত। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ভালোবাসার অনবদ্য এক গল্প লিখে চলেছেন ঢাকাই সিনেমার নন্দিত দুই তারকা নাঈম ও শাবনাজ। পরিণত হয়েছেন শোবিজের অন্যতম আদর্শ দম্পতিতে।
আজ ৫ অক্টোবর
নাঈম-শাবনাজ তাদের বিবাহিত জীবনের ২৯ বছর পেরিয়ে ৩০ বছরে পা রাখলেন। সুখে-ভালোবাসায়
পথচলার তিন দশক শুরু হলো দুজনের। একেবারেই পারিবারিকভাবে দিনটি উদযাপন করবেন বলে জানালেন
তারা।
১৯৯৪ সাল পর্যন্ত
নাঈম-শাবনাজ অভিনীত চাঁদনী, সোনিয়া, দিল, বিষের বাঁশি, চোখে চোখে, অনুতপ্ত, লাভ সিনেমাগুলো
বেশ দর্শকপ্রিয়তা পায়। এ সিনেমাগুলো ছিল তখন দর্শকের কাছে ভীষণ প্রিয়। জুটি হিসেবে
নাঈম-শাবনাজও ছিলেন দর্শকের ভীষণ প্রিয়।
১৯৯৪ সালের ৫
অক্টোবর শাবনাজকে বিয়ে করেন নাঈম। মূলত শফিউল আজম পরিচালিত বিষের বাঁশি সিনেমায় অভিনয়
করতে গিয়েই নাঈম ও শাবনাজের প্রেমের সম্পর্কের গভীরতা বাড়ে। এ প্রসঙ্গে নাঈম বলেন,
‘এ সিনেমায় শাবনাজের চরিত্রের নাম ছিল ময়না। সেই তখন থেকে আজ অবধি তাকে আমি ময়না বলেই
ডাকি। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে তিনি আমাদের
সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমাদের দুই সন্তান নামিরা ও মাহাদিয়াকে আল্লাহ ভালো রেখেছেন।
সবার কাছে আমরা দোয়াপ্রার্থী, আল্লাহ যেন বাকি জীবন সুস্থভাবে বেঁচে থাকার তৌফিক দান
করেন।’
বিবাহিত ও চলচ্চিত্র
জীবন প্রসঙ্গে শাবনাজ বলেন, ‘আল্লাহর অশেষ রহমত যে নাঈমের মতো পরিপূর্ণ একজন মানুষকে
আমি জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমার সুখে-দুঃখে যেমন নাঈম সব সময় পাশে থেকেছে, আমিও
তার সুখে-দুঃখে পাশে থেকেছি। আমরা সুন্দর একটি জীবন গড়েছি, সুখী একটি পরিবার গড়েছি।
আল্লাহর অশেষ রহমতে আমরা দুজন দুটি গর্বিত সন্তানের বাবা-মা। গর্বিত সন্তান বলছি এ
কারণে যে, নামিরা ও মাহাদিয়া নিজেদের যোগ্যতা দিয়ে, নিজেদের মেধার স্বাক্ষর রেখেই দেশের
বাইরে পড়াশোনা করছে। আলহামদুলিল্লাহ। ওদের ঘিরেই আমাদের যত স্বপ্ন এখন। ওদের জন্যই
সবার কাছে দোয়া চাই।’
এদিকে গতকাল ৪
অক্টোবর ছিল নাঈম-শাবনাজ অভিনীত প্রথম সিনেমা চাঁদনী মুক্তির দিন। ১৯৯১ সালের এই দিনে
এহতেশাম পরিচালিত ছবিটি মুক্তি পায়। এরপর তারা একত্রে ২১টির বেশি চলচ্চিত্রে অভিনয়
করেছেন। তাদের একসঙ্গে অভিনয় করা শেষ সিনেমা ঘরে ঘরে যুদ্ধ।
নাঈম-শাবনাজ কেউই
আর সিনেমায় নিয়মিত নন। তাদের মিস করেন ভক্তরা। এখনও তাদের সিনেমার পর্দায় দেখার জন্য
প্রতিনিয়ত দর্শক আগ্রহ প্রকাশ করেন। জীবন চলার পথে কখনও কোথাও দর্শকের মুখোমুখি হলে
দর্শকের অনুরোধ থাকে তারা যেন আবারও সিনেমায় ফেরেন। দর্শকের এই অকৃত্রিম ভালোবাসার
মাঝে নিজেদের প্রতিনিয়তই নতুন করে আবিষ্কার করেন এ দম্পতি। কিন্তু তারা জানান, আপাতত
সিনেমায় ফেরার কোনো পরিকল্পনা নেই। দুজনই এখন বর্তমান জীবনটা আনন্দ, ভালোলাগা নিয়ে
উপভোগ করছেন।
দুজনই তাদের মেয়েদের
দেখাশোনার পাশাপাশি টাঙ্গাইলের গ্রামের বাড়িতে সময় কাটান। সেখানে জমিজমা দেখাশোনা
করেন। মায়ের সূত্রে টাঙ্গাইলের করটিয়া জমিদারবাড়ির সন্তান নাঈম। সেখানেই ব্যবসার পাশাপাশি
কৃষিকাজে মনোযোগী তিনি। সময় পেলে নিজেও চাষাবাদে নেমে পড়েন।