× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিবাদে বিতর্কিত সেলিব্রিটি ক্রিকেট লিগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩ ১২:৫০ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৩ ১৩:০২ পিএম

বিবাদে বিতর্কিত সেলিব্রিটি ক্রিকেট লিগ

ঢাকায় শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই মূলত এ আয়োজন। শোবিজ অঙ্গনের তারকারা রীতিমতো কোমরে দড়ি বেঁধেই নামছেন ২২ গজের লড়াইয়ে। তবে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের ম্যাচ নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের মধ্যে চলাকালে মাঠে দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের খেলা শুরু হয়।

তবে শনিবার ফাইনাল ম্যাচগুলো আর অনুষ্ঠিত হয়নি। কবে হবে সেটিও জানা যায়নি। শনিবার সন্ধ্যায় আয়োজকরা সংবাদ সম্মেলন করে বিবাদে জড়ানো দুই গ্রুপের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটান।

জানা যায়, শুক্রবার ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার দিকে ফের উত্তেজিত হয়ে পড়েন দুই দলের সতীর্থরা; যা একসময় মারামারিতে রূপ নেয়। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ তোলেন নায়িকা রাজ রিপা। কান্নাজড়িত কণ্ঠে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান এই নায়িকা।

মারামারিতে আহত খেলোয়াড়দের রাজধানীর জাতীয় অর্থোপেডিকস হসপিটালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড় নায়ক জয় চৌধুরী জানান, নির্মাতা রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকিও দেন।

এ ছাড়া আয়োজকদের নামে ম্যাচ পাতানোর অভিযোগ এনেছেন তিনি।

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুল খেলছেন দীপঙ্কর দীপনের দলে। এই অভিনেতাও ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন আয়োজকদের বিরুদ্ধে। একই সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

তবে নির্মাতা দীপঙ্কর দীপন ও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে অফিসিয়াল বক্তব্য ও ব্যাখ্যা দেবেন তারা।

অন্যদিকে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও তার দলের সদস্যরা মারামারিতে জড়ানোর পরই মাঠ ছাড়েন। তাই এসব অভিযোগের বিষয়ে তাদের কারও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে মোস্তফা কামাল রাজের দল। নির্ধারিত ৬ ওভারে ১১৯ রান সংগ্রহ করেন তারা। লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে দীপঙ্কর দীপনের টিম সমানুপাতিক হার তুললেও শেষ পর্যন্ত নির্ধারিত ৬ ওভারে ১১২ রান করতে সক্ষম হন তারা। ফলে ৭ রানে হেরে যায় দীপঙ্কর দীপনের টিম।

প্রসঙ্গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’।

সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। এসব দলের নেতৃত্ব দিচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই এ আয়োজন- এমনটাই জানিয়েছেন আয়োজকরা। এক বার্তায় তারা বলেছেন, ‘বিশ্বকাপ জেতার মতো সক্ষমতা বাংলাদেশের আছে। এখন শুধু প্রয়োজন দেশজুড়ে সমর্থন, যেটা খেলোয়াড়দের উৎসাহ দেবে। এ বিশ্বাস থেকেই তারকারা সবাই এক হয়েছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা