প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৮ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৮ পিএম
জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ব্যস্ত আছেন সিনেমা নিয়ে। সরকারি অনুদানের ‘যাপিত জীবন’ সিনেমায় কাজ করছেন তিনি। সম্প্রতি তাকে বেছে বেছে নাটকে অভিনয় করতে দেখা যায়। সেই ধারাবাহিকতায় তিনি অভিনয় করেছেন নতুন নাটক ‘বাদক’-এ। এ নাটকে ভাবনার সঙ্গে বাদক চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল। এ ছাড়া আরও দেখা যাবে কচি খন্দকার, সিয়াম নাসির ও মিলন ভট্টচার্যকে।
ফেরারী ফরহাদের রচনায় এটি নির্মাণ করেছেন অ্যালিন টিটো। এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে গতকাল সন্ধ্যায় নাটকটি প্রকাশ পেয়েছে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা অ্যালিন টিটু বলেন, ‘বিয়ে বাড়ির দারুণ একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। এখানে দর্শক মারজুক রাসেল ভাইকে বাদক চরিত্রে দেখবেন। বিয়ে বাড়িতে কোনো কারণে পাত্রীর বিয়ে ভেঙে গেলে বাদক বা অন্যদের কী ধরনের সমস্যায় পড়তে হয় সেটি তুলে ধরেছি।’
এর গল্পে দেখা যাবে বিয়েতে বাদক হয়ে এসেছেন মারজুক রাসেল। কিন্তু বিপত্তি ঘটে সেই বিয়ে বাড়িতে। একদিকে ভাবনার বিয়ে ভেস্তে যায় অন্যদিকে বাদক দলকে আটক করা হয়। এরপর বিয়ে বাড়ির গল্প অন্য দিকে মোড় নেবে।