প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১৬ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৫ পিএম
দেশের জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন। তাদের গানের ভক্ত দেশ ছাড়াও দেশের
বাইরে ছড়িয়ে আছে। রক মেটাল ধাঁচের গান করে সব বয়সের শ্রোতাদের মাঝেই তাদের জনপ্রিয়তা
সমানে সমান। এবার অর্থহীন ব্যান্ড বাংলাদেশের ক্রিকেট দলের জন্য গান করতে যাচ্ছে। এটাই
হতে যাচ্ছে দলটির প্রথম কোনো দেশের গান।
অর্থহীন এ গান নিয়ে এখনই বিস্তারিত বলতে চায় না। তবে বিশ্বস্ত সূত্রে
জানা গেছে, ইতোমধ্যেই গান তৈরির কাজ চলছে পুরোদমে। বিশ্বকাপের আগেই এটি প্রকাশ হবে।
এদিকে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়। পোস্টটি বাংলাদেশ ক্রিকেট
দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানের। নিজের ফেসবুক পেজে তামিম ২৪ সেপ্টেম্বর নিজের
ছবিসহ একটি পোস্ট করেন। ছবিতে দেখা যায় তামিমের কানে হেডফোন, হাতে মোবাইল, আর মুখে
তৃপ্তির হাসি। তিনি ক্যাপশনে লেখেন, ‘আমার খুব ফেভারিট একটা গান- অর্থহীনের ‘চাইতে
পারো’। এটা যখনই শুনি চার্জড আপ হয়ে যাই। এই গানটা আর কার-কার ভালো লাগে?’
মুহূর্তেই দেশের ব্যান্ড সোসাইটিতে পোস্টটি ভাইরাল হয়ে যায়। প্রায়
৮০ হাজারের কাছাকাছি রিয়্যাক্ট ও ৬ হাজারের মতো মন্তব্য জমা পড়েছে। তবে এটি ছিল একটি
মার্কেটিং। কারণ আগামী ১ অক্টোবর দেশের একটি বেসরকারি মোবাইল কোম্পানি তামিমের সঙ্গে
অর্থহীনের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। যেখানে অর্থহীন আসন্ন বিশ্বকাপ উপলক্ষে দেশের
ক্রিকেট দলকে উৎসাহ দিতে গান গাইবে। সেই মঞ্চেই প্রকাশ হতে পারে ক্রিকেট নিয়ে তাদের
নতুন গানটি।
তামিমের এই পোস্টের নিচে অর্থহীন ব্যান্ডের পক্ষ থেকেও একটি মন্তব্য
করা হয়েছে। সেখানে লেখা হয়, ‘ভালোবাসা নেবেন তামিম ইকবাল! আপনার পোস্টটা পড়ে আমরাও
চার্জড আপ হয়ে গেলাম কিন্তু! ১ তারিখেই একটা ইন্টারেস্টিং কিছু করতে যাচ্ছি আমরা। কেন
জানি মনে হচ্ছে আপনি আরও ‘চার্জড আপ’ হবেন!’
তামিমের এমন পোস্টের বিষয়ে অর্থহীন ব্যান্ডের ম্যানেজার টিটু প্রতিদিনের
বাংলাদেশকে বলেন, ‘এটি আমাদের জন্য আনন্দের। দেশসেরা ওপেনার আমাদের গানের ভক্ত। তিনি
নিয়মিত আমাদের গান শুনেন এটাই আমাদের প্রাপ্তি। অর্থহীন ভক্তদের জন্য চমক আসছে। তার
জন্য সবাইকে অপেক্ষা করতে হবে।’
এর আগে একটি কনসার্টে ব্যান্ডের দল নেতা সাইদুস সালেহীন খালেদ সুমন
(বেস-বাবা) বলেন, ‘আপনাদের সবার জন্য অর্থহীনের পক্ষ থেকে একটি সারপ্রাইজ রয়েছে। আপনারা
জানেন সামনে ক্রিকেট বিশ্বকাপ আসছে। সবাই খেলা নিয়ে ব্যস্ত থাকবেন। তাই আমরা দেশের
ক্রীড়াপ্রেমী দর্শকদের ‘চার্জড আপ’ করতে নতুন কিছু নিয়ে আসছি। আগামী ১ অক্টোবর সারপ্রাইজটি
প্রকাশ করা হবে। আপনারা অপেক্ষা করুন। আমরা একসঙ্গে তামিম-সাকিবদের উৎসাহ দেব।’
এ বছরের শুরুতে ‘ফিনিক্সের ডায়েরি ২’ নামে নিজেদের নতুন অ্যালবাম
প্রকাশের ঘোষণা দেন সুমন। তিনি জানান, আগস্টের মাঝামাঝির দিকে অ্যালবামের গান রেকর্ডিং
শুরু হয়। সবকিছু ঠিক থাকলে নভেম্বরে প্রকাশ হবে অ্যালবামের দুই গান। বাকি গানগুলো প্রকাশ
হবে ডিসেম্বরে।
গত বছরের ডিসেম্বরে ‘ফিনিক্সের ডায়েরি ১’ অ্যালবাম প্রকাশ করে ব্যান্ডটি।
অ্যালবামটি শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলে।
অর্থহীন ব্যান্ডটিতে বর্তমানে সুমনসহ দুজন সদস্য রয়েছে। এর আগে মার্চে
অর্থহীন ছেড়েছেন গিটারিস্ট শিশির আহমেদ। অর্থহীন ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন মার্ক
ডন (ড্রামস) ও মহান ফাহিম (গিটার) এবং সুমন (ভোকাল ও বেজ গিটার)