প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৯ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫২ পিএম
বলিউড অভিনেত্রী
ক্যাটরিনা কাইফ। এ বছর এখন পর্যন্ত তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। তাই বছরের শেষটা
তিনি ব্যস্ত হয়ে যাচ্ছেন নিজের নতুন সিনেমার প্রচার নিয়ে। সালমান খান-ক্যাটরিনা কাইফের
‘টাইগার থ্রি’ সিনেমাটি মুক্তি পাচ্ছে বছরের শেষ সময়ে। এর আগে আগামীকাল (২৭ সেপ্টেম্বর)
আসছে সিনেমাটির ট্রেলার। যার মাধ্যমে সিনেমার প্রচার শুরু করবেন অভিনেত্রী।
এ বছর মুক্তি
পাওয়া ক্যাটরিনার প্রথম সিনেমা হতে যাচ্ছে টাইগার থ্রি। তাই তার ব্যস্ততাও বেশ। সম্প্রতি
ক্যাট তার ইনস্টাগ্রামে টাইগার থ্রির একটি পোস্টার শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘অবশেষে
অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। টাইগার থ্রি দর্শকের জন্য আসছে। ট্রেলার দিয়ে হচ্ছে
যাত্রা। যার মাধ্যমে আমাদের সিনেমার প্রচার শুরু করব। আপনারা তৈরি হয়ে যান বলিউডের
টাইগার নিয়ে আমি ভারতের বিভিন্ন শহরে আপনাদের সঙ্গে দেখা করব। কথা বলব কাজের অভিজ্ঞতা
নিয়ে। আশা করছি বিগত দিনে মুক্তি পাওয়া টাইগার সিরিজের সব সিনেমার রেকর্ড ভাঙবে এবারের
টাইগার থ্রি।’
ক্যাটের এ পোস্ট
মুহূর্তেই দর্শকের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।
অন্যদিকে বিয়ের
পর থেকে কাজের খবরে খুব বেশি ছিলেন না ক্যাটরিনা। এখনও সেভাবে গণমাধ্যমে কথা বলছেন
না তিনি। কারণ হিসেবে ক’দিন আগে জানা গিয়েছিল আসছে দিওয়ালিতে টাইগার থ্রি মুক্তি পাবে।
সময় কম। এর প্রচারসহ নানা কাজে ব্যস্ত আছেন তিনি। তা ছাড়া বক্স অফিসের চাপও রয়েছে।
অনেক দিন পর তিনি সালমান খানের সঙ্গে বড়পর্দায় ফিরছেন। বিয়ের পর এ জুটিকে দর্শক কীভাবে
গ্রহণ করেন সে নিয়েও দুশ্চিন্তায় আছেন ক্যাট।
যশরাজ ফিল্মসের
টাইগার থ্রির প্রথম কিস্তি ছিল ‘এক থা টাইগার’। এ ছবির পরের সিকুয়েল ‘টাইগার জিন্দা
হ্যায়’। এ দুটি সিনেমায়ই নায়ক-নায়িকার চরিত্রে দর্শক দেখতে পান সালমান খান আর ক্যাটরিনাকে।
দুটিই সুপারহিট। টাইগার ৩তে তাই আবারও জমজমাট কিছু দেখার অপেক্ষা করছেন দর্শক।
টাইগার থ্রি পরিচালনা
করেছেন মণীশ শর্মা। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে সালমান-ক্যাটরিনা ছাড়াও আছেন
ইমরান হাশমি, রিভাথি, রণবীর সুরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরাসহ অনেকে। ছবিতে বিশেষ
চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকেও।
এদিকে চলতি বছরের
১৫ ডিসেম্বর ক্যাটরিনার আরও একটি সিনেমা মুক্তির কথা রয়েছে। সেখানে বিজয় সেতুপতির সঙ্গে
প্রথমবার অভিনয় করতে দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘ম্যারি ক্রিসমাস’।