প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৫ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৫ পিএম
এ প্রজন্মের সংগীতশিল্পী ও সুরকার সৈয়দ রেজা আলী। ইতিমধ্যেই বেশ কিছু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। এবার একক গিটার ইন্সট্রুমেন্টাল অ্যালবাম প্রকাশ করছেন তিনি। মূলত গিটার দিয়েই হবে সব কম্পোজিশন।
সৈয়দ রেজা আলী বলেন, ‘আমি মিউজিক করার জন্যই বাংলাদেশে চলে এসেছি, চাকরি ছেড়েছি। গান যেমন আমার সঙ্গে মিশে আছে তেমনি আমি ও গানের সঙ্গে মিশে আছি। তাই শ্রোতাদের জন্য আগামীতে আরও ভালো ভালো কাজ নিয়ে আসব।’
তিনি জানান, আগামী ২৫ সেপ্টেম্বর গিটার ইন্সট্রুমেন্টাল অ্যালবামের প্রথম ট্র্যাক মুক্তি পাবে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সৈয়দ রেজা আলী’ থেকে। গিটার ইন্সট্রুমেন্টাল অ্যালবামের নাম হলো ‘মিক্সচার অব ইমোশন’ এবং গানের নাম ‘দ্য ইস্টার্ন সাইড অব নেইল’। এ বছরই সম্পূর্ণ অ্যালবামটি প্রকাশ পাবে বিভিন্ন প্ল্যাটফর্মে।
দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করেছেন সৈয়দ রেজা আলী। ব্যাংক চাকরি সব ছেড়ে শুধুমাত্র গানের জন্য দেশে ফিরেছেন। ছোটবেলা থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল সৈয়দ রেজা আলীর। অস্ট্রেলিয়ায় খেলতেন। ক্রিকেটে এগিয়েছিলেন বহুদূর।
কিন্তু হঠাৎই চিন্তা করলেন বাংলাদেশে জন্ম নিয়ে অন্য দেশের হয়ে ক্রিকেট খেলা সম্ভব না। তাই ক্রিকেট থেকে দূরেই চলে আসেন একসময়। অস্ট্রেলিয়ান সেনাবাহিনীতে চাকরি পেয়েও চাকরি করেননি সৈয়দ রেজা আলী। গিটারের প্রতি ভালোবাসাটা কৈশোর থেকেই। সময় পেলেই গিটার নিয়ে বসে পড়তেন আর গাইতেন নিজের পছন্দের সব গান।
২০১৯ সালে অস্ট্রেলিয়া ছেড়ে বাংলাদেশে চলে আসেন তিনি। তার আগে তিনি ২০১১ সালে অস্ট্রেলিয়ায় আইয়ুব বাচ্চুর সাথে পারফর্ম করেন। ২০১৮ সালে বাজান মাকসুদ হকের সঙ্গে। বর্তমানে শাফিন আহমেদের সঙ্গে ভয়েস অব মাইলসে গিটার বাজান এই সংগীতশিল্পী।
ব্রহ্মপুত্র বাংলাদেশ ব্যান্ডের সদস্য তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাদের ব্যান্ডের গান ‘পারবেনা ফিরতে’।
এ ছাড়াও তিনি তার নিজস্ব একটি অ্যালবাম নিয়ে কাছ করছেন। ‘বিষাক্ত সুর’ শিরোনামের একটি গান ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন প্লাটফর্মে জনপ্রিয়তা পেয়েছে।