প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৮ পিএম
দেশের জনপ্রিয় দুই র্যাপার তবীব মাহমুদ ও রানা। দেশের গণ্ডি পেরিয়ে এবার বলিউডের ওয়েব সিরিজে গান গাইলেন তারা। তবে নতুন কোনো গান নয়। তাদের পুরোনো গান ‘চাপ নাই’ ডিজনি হটস্টারে বিজয় নাম্বিয়ার পরিচালিত ‘কালা’ ওয়েব সিরিজে ব্যবহার করা হয়েছে।
মাস ছয়েক আগে একটি মেল আসে তবীব মাহমুদের কাছে। মেলটি বলিউডের টি-সিরিজ থেকে অফিসিয়ালভাবে পাঠানো হয়। সেখানে তবীবকে জানানো হয়, চাপ নাই গানটি টি-সিরিজের প্রযোজনায় ডিজনি হটস্টারে বিজয় নাম্বিয়ার পরিচালিত একটি সিরিজে ব্যবহার করা হবে। পরিচালকের কাছে গানটি ভালো লেগেছে।
বিষয়টি জেনে ইতিবাচক ফিডব্যাক দেন তবীব। এভাবেই তাদের গান বলিউডে যাওয়ার গল্প শোনালেন তারা। ১৫ সেপ্টেম্বর সিরিজটি মুক্তি পেয়েছে ডিজনি হটস্টারে। দর্শক সমালোচকদের প্রশংসাও পাচ্ছে সিরিজটি। শুধু তাই নয়, ডিজনিতে এটি ট্রেন্ডিংয়েও আছে।
চাপ নাই গানটি লেখা তবীব মাহমুদের, কণ্ঠ দেন গাল্লিবয় খ্যাত তবীব ও রানা, সংগীত করেন শুভ্র রাহা। বাংলা ভাষায়ই গানটি থিম সং হিসেবে ব্যবহৃত হয়েছে ক্রাইম থ্রিলারধর্মী কালা সিরিজে।
বেশ উচ্ছ্বসিত তাবীব প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘একটা সময় আমি স্বপ্ন দেখতাম আন্তর্জাতিক কোনো প্ল্যাটফর্মের জন্য আমার গান ব্যবহার করা হবে। বলতে গেলে তেমনই একটি স্বপ্ন পূরণ হলো। বলিউডের মতো বড় ইন্ডাস্ট্রিতে আমার ও রানার গানটি থিম সং হিসেবে ব্যবহার হচ্ছে। এটা অবশ্যই আমাদের জন্য গর্বের। এ ছাড়া টি-সিরিজের মতো প্রতিষ্ঠান আমাদের গানটি কিনে নিয়েছে। ভাবতে ভালো লাগছে। আশা করছি সামনে আরও ভালো কিছু হবে।’
গানটি ব্যবহারের বিষয়ে টি-সিরিজের সঙ্গে অনেক আগে থেকেই কথা হচ্ছিল তবীবের। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘তাদের কাছ থেকে আমি মেলটা পেয়ে প্রথমেই বন্ধুদের সঙ্গে পরামর্শ করি। যেহেতু তারা একটি জায়ান্ট প্রতিষ্ঠান তাই সবকিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। গানটির বিষয়ে আমার সঙ্গে মাস ছয়েক আগেই কথা ফাইনাল হয়।’
চাপ নাই গানটি এখনও টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়নি। জানা গেছে, আপাতত গানটি সিরিজের বিভিন্ন প্লটে ব্যবহার হচ্ছে।