প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৬ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১০ পিএম
হলিউডের নব্বই দশকের সাড়া জাগানো অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর। নিজের গ্ল্যামার ও অভিনয় দিয়ে বিশ্বের অন্যতম আকর্ষণীয় অভিনেত্রীদের তালিকায় তিনি আছেন প্রথম দিকে। তবে দীর্ঘসময় ধরে বড়পর্দা থেকে নিজেকে দূরে রেখেছেন এই অভিনেত্রী।
নিজের নামে ‘দ্য ড্রিউ ব্যারিমোর টক শো’ করেই এখন ব্যস্ত সময় পার হয় তার। সম্প্রতি এই শোও বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন চার্লি অ্যাঞ্জেলসখ্যাত এই অভিনেত্রী।
ব্যারিমোরের ইনস্টাগ্রামে প্রায় ১৮ মিলিয়ন অনুসারী। সেখানে নিয়মিত বিভিন্ন ভিডিও দিয়ে থাকেন তিনি। সম্প্রতি অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, শোয়ের বিভিন্ন সময়ের বিহাইন্ড দ্য সিন। যেখানে তিনি হাসিমুখে ক্যামেরা ক্রু ও প্রোডাকশন বয়দের সঙ্গে আড্ডা দিচ্ছেন। এরপর ভিডিওটির শেষে ব্যারিমোর বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যেÑ আমাদের জনপ্রিয় এই শোর শুটিং আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে। বন্ধুত্বপূর্ণ টিমের সঙ্গে আপাতত আমার আর কাজ করা হচ্ছে না।’
এরপর কাজ বন্ধের কারণও জানান ব্যারিমোর। ভিডিওর একদম শেষ অংশে তিনি বলেন, ‘দ্য ড্রিউ ব্যারিমোর টক শো’টি ইতোমধ্যেই বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। আমি এই শো ছাড়া অন্য কোনো কাজও এখন করছি না। তারপরও কেন শোটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিÑ তা আপনাদের জানাতে চাই। আপনারা সবাই একটি বিষয়ে অবগত যেÑ দীর্ঘসময় ধরে আমাদের হলিউড ইন্ডাস্ট্রিতে একটি আন্দোলন চলছে। যেখানে স্ক্রিপ্ট রাইটার্সসহ বিভিন্ন পেশার লোকজন যোগ দিয়েছেন। আমিও তাদের সমর্থন জানাচ্ছি। তাই তাদের দাবি অনুযায়ী সবকিছু যদি ঠিক হয়ে যায়, তাহলেই আমি আমার কাজ শুরু করব। এর আগে আর কোনো কাজ আমি করব না। সবাইকে ধন্যবাদ।’
২০২০ সালের ১৪ সেপ্টেম্বর প্রচারে আসে ‘দ্য ড্রিউ ব্যারিমোর শো’। ৩০০ পর্বেরও বেশি প্রচার হওয়া এই শো দিয়ে চলতি বছর ডে-টাইম এমি অ্যাওয়ার্ডসে দুটি পুরস্কার জিতেছেন ড্রিউ ব্যারিমোর। হলিউড অন্দোলনের জন্য সেই শোটি বন্ধের ঘোষণা দিলেন মার্কিন এই অভিনেত্রী।