× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোহানুর রহমান সোহানের দাফন সম্পন্ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৩ এএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩৪ এএম

সোহানুর রহমান সোহানের দাফন সম্পন্ন

ঢাকাই সিনেমার গুণী পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুর পর তার লাশ নিয়ে যাওয়া হয় জন্মস্থান টাঙ্গাইলে। তার ইচ্ছাতেই টাঙ্গাইলের কেন্দ্রীয় কবরস্থানে বৃহস্পতিবার সকাল ১০টায় স্ত্রীর কবরের পাশে দাফন করা হয় তাকে। এর আগে টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।

১৯৭৭ সালে নির্মাতা শিবলী সাদিকের সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন সোহানুর রহমান সোহান। এরপর শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এজে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলী সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) সিনেমায় সহকারী হিসেবে কাজ করেন।

১৯৮৮ সালে প্রধান নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন সোহানুর রহমান সোহান। তার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’। তবে তিনি সাফল্য পান ১৯৯৩ সালে। সিনেমার নাম ‘কেয়ামত থেকে কেয়ামত’। এ সিনেমার মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেন এবং তারকা খ্যাতি পান প্রয়াত নায়ক সালমান শাহ, নায়িকা মৌসুমী ও কণ্ঠশিল্পী আগুন।

সোহানুর রহমান সোহান পরিচালিত অন্য সিনেমাগুলো হচ্ছে ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালোবাসা’, ‘আমার দেশ আমার প্রেম’, ‘স্বজন’, ‘স্বামী ছিনতাই’, ‘আমার জান আমার প্রাণ’, ‘কোটি টাকার প্রেম’, ‘সে আমার মন কেড়েছে’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘দ্য স্পিড’, ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ইত্যাদি। এর আগে (মঙ্গলবার) ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় ব্রেন স্ট্রোক করে সোহানুর রহমান সোহানের স্ত্রীর মৃত্যু হয়।

সোহানুর রহমান সোহানের মৃত্যুতে শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সোহানুর রহমান সোহানের চলে যাওয়া দেশের চলচ্চিত্র অঙ্গনে এক বেদনাবিধুর অধ্যায়। করোনার ক্রান্তিকাল পেরিয়ে সিনেমাজগৎ আবার ঘুরে দাঁড়ানোর এই সময় তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। এর সঙ্গে মঙ্গলবার রাতে সোহানুর রহমান সোহানের স্ত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণে  ইন্তেকাল আরেক বিয়োগান্ত ঘটনা।

সালমান শাহ, মৌসুমী, শাকিব খানকে রুপালি পর্দায় নিয়ে আসা চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি সোহান তার নির্মিত ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ এমন সব চলচ্চিত্রের মাঝে বেঁচে থাকবেন, বলেন হাছান মাহমুদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা