প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৪ পিএম
বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর। একটা সময় অভিনয়ে নিয়মিত হলেও এখন আর আগের মতো রুপালি পর্দায় দেখা যায় না তাকে। সম্প্রতি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমার নাম ‘পুরাতন’। ছবিতে শর্মিলার মেয়ের ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রুপালি পর্দায় একসঙ্গে এটাই তাদের প্রথম কাজ।
শর্মিলা ঠাকুর সবশেষ বাংলা সিনেমায় অভিনয় করেছেন দীর্ঘ ১৪ বছর আগে। ২০০৯ সালে ‘অন্তহীন’-এ অভিনয় করেছিলেন তিনি। এরপর আর তাকে বাংলা সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি।
‘পুরাতন’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন সুমন ঘোষ। মা-মেয়ের সম্পর্ক নিয়ে সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে। আগামী ৮ ডিসেম্বর শর্মিলার জন্মদিনকে সামনে রেখে শুরু হবে ‘পুরাতন’ সিনেমার শুটিং। সিনেমায় ঋতুপর্ণার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত।
সিনেমাটি নিয়ে শর্মিলা ঠাকুর বলেন, ‘আমি কলকাতার মেয়ে। আমার হৃদয়ে আজও কলকাতার প্রতি ভালোবাসা রয়েছে। ব্যস্ততার কারণে শহরটিতে সেভাবে আর যাওয়া হয় না, কাজও করা হয় না। অনেক বছর আগে কলকাতার একটি সিনেমায় অভিনয় করেছিলাম। এখন আবারও কাজ করার সুযোগ এসেছে। কারণ গল্পটি আমার পছন্দ হয়েছে। আশা করছি, ভালো একটি কাজ দর্শকদের উপহার দিতে পারব।’
এ সময় ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে কাজের বিষয়ে তিনি বলেন, ‘ঋতুপর্ণা সেনগুপ্ত একজন অসাধারণ মেধাবী অভিনেত্রী। তার বিগত দিনের বেশ কিছু কাজ আমি দেখেছি। তার মায়ের চরিত্রে অভিনয় করার বিষয়টি আমার জন্য আনন্দের।’
সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন ঋতুপর্ণা।