বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২২ ১৩:৩৭ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২২ ১৩:৫০ পিএম
বলিউড ডিভা মাধুরী দীক্ষিত। তার অভিনয় ও নৃত্যের ভক্ত ভারতসহ বিশ্বজুড়ে। সেই মাধুরীর অভিনয় ও নাচ বন্ধ করতে বলা হয়েছিল যখন তার বিয়ে এবং সন্তান হয়। বিষয়টি নিয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন ‘ধক ধক’ খ্যাত এই অভিনেত্রী।
বলিউডে যখন তার অসম্ভব সুন্দর সময় কাটছে, একের পর এক সিনেমায় হচ্ছেন চুক্তিবদ্ধ, ক্যারিয়ারে যখন বসন্ত বইছে ঠিক তখনই বিয়ের সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। এরপর ১৯৯৯ সালে চিকিৎসক শ্রীরাম মাধব নেনেকে বিয়ে করেন মাধুরী।
অনেকে বিয়ের জন্য তার ক্যারিয়ার হুমকির মুখে পড়ে যেতে পারে বলে মন্তব্য করলেও তিনি বিয়ের সিদ্ধান্তে অটুট ছিলেন। এরপর অভিনয় ছেড়ে সংসার করতে বলিউড ছেড়ে পাড়ি জমান সুদূর আমেরিকায়। স্বামী ও সন্তানদের নিয়ে গুছিয়ে নেন সংসার।
তবে বলিউডের সঙ্গে বরাবরই যোগাযোগ ছিল তার। তাইতো মাঝেমধ্যে দু-একটা নাচের অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যেত তাকে। যা নিয়ে প্রতিবেশীদের প্রশ্নের মুখেও পড়তে হয় মাধুরীকে। প্রশ্ন শুনতে হয়, ‘বিয়ে-সন্তান হয়ে গেলে আবার কীসের অভিনয়-নাচ?’
তবে মাধুরী এসব প্রশ্নে কান না দিয়ে কাজ করে যাচ্ছিলেন সমানতালে। এখনও কাজ করছেন। তার ভক্তরাও তার কাজগুলো গ্রহণ করছেন ভালোবেসে।
বর্তমানে মাধুরী ছোটপর্দায় বেশি সময় দিচ্ছেন। ভারতের একটি বেসরকারি টিভি চ্যানেলের নাচের অনুষ্ঠানের বিচারক হিসেবে দেখা যাচ্ছে তাকে। এ ছাড়া সম্প্রতি তার ‘মাজা মা’ সিনেমা মুক্তি পেয়েছে। যেখানে নারীর বিবাহিত জীবনের সঙ্গে শিল্পীসত্তার সংঘাত নিয়ে গল্প নির্মাণ করা হয়েছে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
প্রবা/এমএএম/এলএ/জেও