প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০১ পিএম
দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা কীর্তি সুরেশ। বলিউডে তার নাম লেখানোর বিষয়টি অনেক আগেই শোনা গিয়েছিল। এবার বলিউড সিনেমার কাজ শুরু করেছেন তিনি। সিনেমার নাম ‘ভিডি ১৮’। অ্যাটলি কুমারের প্রযোজনায় নতুন সিনেমায় কীর্তি অভিনয় করবেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের বিপরীতে।
সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন দক্ষিণী পরিচালক কালেশ।
ড্রামা ও অ্যাকশন ধাঁচের সিনেমাটি এ বছর মুক্তি দেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। আগামী বছরের ৩১ মে বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে প্রযোজক অ্যাটলি নিশ্চিত করেছেন।
সম্প্রতি ভারতের কেরেলার বিভিন্ন স্থানে সিনেমার শুটিং শুরু হয়েছে। বেশ কয়েকটি দৃশ্যের শুটিংয়েও অংশ নিয়েছেন কীর্তি সুরেশ। বরুণের সঙ্গে কাজের প্রথম অভিজ্ঞতা জানিয়ে কীর্তি সুরেশ বলেন, ‘‘ভিডি ১৮’ সিনেমার শুটিং আগস্ট মাসে শুরু হওয়ার কথা থাকলেও অ্যাটলির ব্যস্ততার কারণে সিনেমার শুটিং পিছিয়ে সেপ্টেম্বরে আনা হয়। ইতোমধ্যেই আমরা দুই-তিনটি দৃশ্যের শুটিং সম্পন্ন করেছি। যেখানে আমার সঙ্গে আমার সহকর্মী বরুণ ধাওয়ানও ছিল। তার সঙ্গে প্রথম কিছু দিনের কাজের অভিজ্ঞতা দারুণ। সে শুটিং সেটে বেশ হাস্যোজ্জ্বল। সবাইকে মাতিয়ে রেখেছে এবং তার কাজের এনার্জি দুর্দান্ত। আশা করি, আমাদের জুটি দর্শকদের মুগ্ধ করবে।’’
‘মিস ইন্ডিয়া’, ‘রং দে’, ‘দাসারা’-এর মতো বড় বাজেটের সিনেমায় অভিনয় করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ সাড়া ফেলেছেন এই অভিনেত্রী। বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে তামিল, তেলেগু, কন্নড় ছবির পর এবার বলিউড অর্থাৎ হিন্দি ছবিতেও অভিনয় করবেন। অবশেষে সেটার কাজ শুরু করতে পেরে তিনি যে বেশ আনন্দিত তা বোঝা গেল।
বলিউডে বহু ছবিতে কাজের প্রস্তাব ছিল কীর্তির কাছে। কিন্তু বিগ বাজেট কোনো ছবির অপেক্ষায় ছিলেন এই অভিনেত্রী। তখনোই অ্যাটলির প্রযোজনায় বরুণ ধাওয়ানের অ্যাকশন ফিল্মে অভিনয়ের প্রস্তাব আসে। সেই সুযোগ হাতছাড়া করেননি তিনি।
বরুণ ধাওয়ান ও কীর্তি সুরেশ ছাড়াও সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ওয়ামিকা গ্যাবিকে। সিনেমাটি নির্মাণে খরচ করা হবে ৬০ কোটি রুপি।