প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০২ পিএম
জন্মদিনের আগেই দর্শকদের আগাম উপহার দিলেন খিলাড়ি কুমার। ৫ অক্টোবর মুক্তির অপেক্ষায় রয়েছে মাইন ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিলের বায়োপিক ‘মিশন রানীগঞ্জ-দ্য গ্রেট ভারত রেসকিউ’। সদ্যই মুক্তি পেয়েছে ছবির টিজার। ছবিতে যশবন্ত সিং গিলের চরিত্রে নজর কাড়লেন অক্ষয় কুমার। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন ‘রুস্তম’খ্যাত পরিচালক টিনু সুরেশ দেশাই।
তবে ৯ সেপ্টেম্বর খিলাড়ির জন্মদিনে আরও এক চমক হিসেবে প্রকাশ হয়েছে ‘ওয়েলকাম ৩’ ছবির প্রোমো। সেখানে দর্শকদের জঙ্গলে স্বাগত জানালেন অক্ষয়। সিনেমার অফিসিয়াল নাম রাখা হয়েছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। যাতে খিলাড়ি কুমার ছাড়াও অভিনয় করছেন রাবিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ, লারা দত্ত, সুনীল শেঠি, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস তালপড়ে, রাজপাল যাদব, জনি লিভার, কিকু শারদা, কৃষ্ণা অভিষেক, রাহুল দেব এবং গায়ক দলের মেহেন্দি ও মিকা সিং।
ইনস্টাগ্রামে প্রোমোটি শেয়ার করে অক্ষয় লিখলেন, ‘নিজেকে ও আপনাদের জন্মদিনের উপহার দিলাম আজ। আশা করি আপনাদের সবার তা পছন্দ হবে এবং আমাকে বলবেন ধন্যবাদ। আমার জবাব হবে, ওয়েলকাম (৩)’।
প্রোমো ভিডিওতে দেখা গেল ‘ওয়েলকাম ৩’-এর সব শিল্পীকে। সবাই পরে আছেন সামরিক পোশাক। হাতে পোশাক। তিন সারিতে পরপর দাঁড়িয়ে। সবাই চেষ্টা করছেন সিগনেচার ওয়েলকাম টিউনটি গাওয়ার।
এই সিনেমা হলে মুক্তি পাবে ২০২৪ সালের ক্রিসমাসে। এটি প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে। সহ-প্রযোজনা ফিরোজ নাদিয়াদওয়ালার। পরিচালনায় আহমেদ খান।