প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২১ পিএম
দেশের জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। কলকাতার অভিনেত্রী সায়ন্তিকার সঙ্গে বেঁধে ‘ছায়াবাজ’ নামে সিনেমার শুটিং করছেন তিনি। এই সিনেমার কাজ শেষ না হতেই নতুন সিনেমায় নাম লেখালেন এই জুটি। ‘টাইগার’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান।
(৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন জায়েদ-সায়ন্তিকা। প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন জায়েদ খান। সিনেমার শুটিং শুরু হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। জায়েদ খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আরো একটি নতুন সিনেমায় আমি ও সায়ন্তিকা চুক্তিবদ্ধ হয়েছি। ‘ছায়াবাজ’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করে আজ ঢাকায় ফিরলাম। বাসায় ফেরার আগেই নির্মাতা বিমানবন্দরে বসেই নতুন সিনেমা ‘টাইগার’ এ চুক্তিবদ্ধ করলেন আমাদের। সিনেমাটির গল্প অসাধারণ। আশা করছি সায়ন্তিকার সঙ্গে আরো একটি অসাধারণ কাজ হবে। সবাই দোয়া করবেন। ডিসেম্বরের ৫ তারিখ এর দৃশ্যধারণ শুরু হবে।’
গত ৩০ আগস্ট, বুধবার সকালে সায়ন্তিকা ঢাকা আসেন। তাজু কামরুল পরিচালিত ‘ছায়াবাজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন জায়েদ-সায়ন্তিকা। এর আগে সায়ন্তিকাকে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমায় দেখা গিয়েছে।