বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২ ১৫:৪৭ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২২ ১৬:০১ পিএম
সারা দেশের ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে অ্যাকশনধর্মী সিনেমা ‘রাগী’। ছবির পরিচালক মিজানুর রহমান মিজান। ‘রাগী’ ছবিতে নায়ক হিসেবে আছেন আবির চৌধুরী। তার দুই নায়িকা আঁচল আঁখি ও মৌমিতা মৌ। আরেক নায়িকা অ্যাকশন লেডি মুনমুন এ সিনেমার চমক হিসেবে রয়েছেন, যাকে প্রথমবারের মতো দেখা যাবে খলচরিত্রে।
১৪ অক্টোবর ছবিটি মুক্তির পর বেশ ভালোই দর্শক পেয়েছে। প্রথমদিনের বিকাল ৩টায় ‘মধুমিতা’, ৪টা ৩০ মিনিটে ‘চিত্রামহল’, সন্ধ্যা ৬টায় ‘নিউ গুলশান’, ৭টা ৩০ মিনিটে ‘গীত’ এবং রাত ৮টা ৩০ মিনিটে ‘আনন্দ’ হলে যায় ‘রাগী’ ছবির টিম। প্রতিটি হলেই দর্শক হাউসফুল ছিল বলে দাবি করেন নায়ক আবির। তিনি বলেন, ‘এতটা সাড়া পাব আশা করিনি। দর্শক অনেকদিন পর সিটি বাজিয়ে, হাততালি দিয়ে সিনেমা উপভোগ করছে।’
তিনি আরও বলেন, বিনোদনে ভরপুর একটি মশলাদার সিনেমা তৈরির চেষ্টা করেছি। সেই ফল পাচ্ছি। সবাই খুব আনন্দ নিয়ে ছবিটি দেখছেন। আশা করছি অনেক ভালো কিছু বয়ে আনবে ‘রাগী’।
ছবির পরিচালক মিজান বলেন, ‘প্রথম সপ্তাহে আমরা ২৮ হলে ছবিটি নিয়ে আসছি। আশা করি সামনের সপ্তাহে আরও হল বাড়বে।’
এ সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ববি, কাজী হায়াৎ, জিয়া তালুকদার, মারুফ আকিব, শতাব্দী ওয়াদুদ, সনি রহমান প্রমুখ।
যেসব হলে ‘রাগী’ মুক্তি পেয়েছে-মধুমিতা (মতিঝিল, ঢাকা), চিত্রামহল (ইংলিশ রোড, ঢাকা), বিজিবি অডিটরিয়াম (হাজারীবাগ, ঢাকা), আনন্দ (ফার্মগেট, ঢাকা), গীত (যাত্রাবাড়ী, ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা, ঢাকা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), চাঁদমহল (কাঁচপুর, নারায়ণগঞ্জ), সেনা অডিটরিয়াম (নবীনগর, সাভার), চন্দ্রিমা (শ্রীপুর, সাভার), ঝুমুর (জয়দেবপুর, গাজীপুর), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), শাপলা (রংপুর), ছায়াবাণী (ময়মনসিংহ), মডার্ন (দিনাজপুর), চিত্রালী (খুলনা), বিজিবি অডিটরিয়াম (সিলেট), মালঞ্চ (টাঙ্গাইল), মাধবী (মধুপুর, টাঙ্গাইল), রাজিয়া (নাগরপুর, টাঙ্গাইল), মনিকা (শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ), আনন্দ সিনেপ্লেক্স (গুরুদাসপুর, নাটোর), তামান্না (সৈয়দপুর), পান্না (মুক্তারপুর, মুন্সীগঞ্জ), দুলাল (ফেনী), অভিরুচি (বরিশাল), পূর্বাশা (সান্তাহার, বগুড়া), স্বপ্নপুরী (শ্রীনগর, মুন্সীগঞ্জ)।
প্রবা/এলএ/টিই