বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২ ১৫:২৬ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২২ ১৫:৩৪ পিএম
বলিউড ইন্ডাস্ট্রির সুলতান খ্যাত অভিনেতা সালমান খান। তার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘টাইগার’ নিয়ে দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা সব সময়ই বিরাজ করে। তাইতো ‘টাইগার থ্রি’ সিনেমাটি কবে মুক্তি পাবে তা নিয়েও আগ্রহের শেষ নেই। এবার ভক্তদের অপেক্ষার পালা শেষ করে সিনেমার মুক্তির দিন জানালেন বলিউড ভাইজান।
শনিবার (১৫ অক্টোবর) সকালে মুক্তি পেল এ ছবির পোস্টার। যেখানে শুধু সালমানের চোখ দুটি দেখা গেছে। সিক্রেট রাখা হয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজিতে সালমানের লুক কেমন হবে তা-ও। তাই ছবিটি দেখে দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায়।
সিনেমাটির নতুন পোস্টার আর মুক্তির তারিখ জানানো হয় সালমানের টুইটার অ্যাকাউন্ট থেকে। যেখানে ছবির সঙ্গে তারিখ প্রকাশ করে ক্যাপশনে জুড়ে দেওয়া হয় ক্যাটরিনা কাইফের নামও। এরপর টাইগার মুক্তির তারিখ পরবর্তন হয়েছে উল্লেখ করে লেখা হয়, ‘২০২৩ সালের দিওয়ালিতে মুক্তি পাবে টাইগার থ্রি। শুধু আপনার বাড়ির পাশের বড়পর্দায় সিনেমাটি উপভোগ করতে পাবেন। সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি দেওয়া হবে।’
সালমানের এ টুইটের পরই সিনেমাটি নিয়ে দর্শকদের উৎসাহ আরও বেড়ে যায়। এরপর তারাও রি টুইট করতে থাকে।
প্রথমবারের মতো টাইগার থ্রি সিনেমায় একটি ক্যামিও চরিত্রে দেখা মিলবে শাহরুখ খানের। এ সিরিজের আগের দুটি সিনেমা ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর নায়িকা ক্যাটরিনাকে এবারও দেখা যাবে সালমানের বিপরীতে। এ ছবির পরিচালকের দায়িত্বে আছেন মানিষ শর্মা।
প্রবা/এমএএম/এলএ/জেও