প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩১ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৬ পিএম
হলিউডের কালজয়ী
দুই সিনেমা টাইটানিক ও রকি। দুটি সিনেমাই সর্বকালের সেরা সিনেমার কাতারে। বিশ্বব্যাপী
সিনেমা দুটির সফলতাও আকাশচুম্বী। বড়পর্দা কাঁপিয়ে এবার ছোটপর্দায় মুক্তি পেতে যাচ্ছে
সিনেমা দুটি। নেটফ্লিক্সের যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি নেটফ্লিক্স
তাদের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে সিনেমা দুটির পোস্টার দিয়ে একটি পোস্ট করে। ক্যাপশনে
টাইটাইনিক সিনেমা মুক্তির তারিখ জানিয়েছে। তবে রকি সিনেমা কবে মুক্তি পাবে তা নিশ্চিত
করা হয়নি। নেটফ্লিক্স বলছে, সেপ্টেম্বরের ৩০ তারিখ টাইটানিক দেখা যাবে।
টাইটানিক সিনেমাটি
১৯৯৭ সালে বিশ্বব্যাপী মুক্তি পায়। সে বছর সিনেমাটি অস্কারের ১৪টি ক্যাটাগরিতে মনোনীত
হয়ে ১১টি বিভাগেই পুরস্কৃত হয়। এ ছাড়া বছরের সেরা ব্যবসাসফল সিনেমা হিসেবেও নাম লেখায়
টাইটানিক। প্যারামাউন্ট পিকচার্স ও টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স যৌথভাবে সিনেমাটি নির্মাণ
করে। সে সময় টাইটানিকই ছিল পৃথিবীর সবচেয়ে বড় বাজেটের সিনেমা। জেমস ক্যামেরনের পরিচালনায়
চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট।
তাদের দুজনের কেমিস্ট্রি দর্শকের কাছে ব্যাপক প্রশংসিত হয়। সিনেমায় লিওনার্দো ডিক্যাপ্রিওর
নাম থাকে জ্যাক। সে একজন আর্টিস্ট এবং জুয়ায় আসক্ত যুবক। শেষ মুহূর্তে জুয়া খেলে টাইটানিকের
টিকিট পেয়ে যায়। টাইটানিকে চেপে যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্ন দেখতে থাকে। জাহাজে পরিচয়
হয় ধন্যাঢ্য পরিবারের সুন্দরী মেয়ে রোজের সঙ্গে। রোজ চরিত্রটিই করেছেন কেট উইন্সলেট।
নানা ঘটনার মধ্য দিয়ে দুজনের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর জাহাজ ডুবে যাওয়ার আগে
রোজ বেঁচে গেলেও পৃথিবীর বুক থেকে বিদায় নেয় জ্যাক। সেই করুণ সমাপ্তি আজও কাঁদায় কোটি
দর্শককে।
অন্যদিকে স্পোর্টস
ড্রামা ধাঁচের রকি সিনেমাটি মুক্তি পায় ১৯৭৬ সালে। সিনেমাটি সে বছর সেরা সিনেমাসহ ১০
বিভাগে অস্কার জিতে নেয়। ৯ লাখ ৬০ হাজার ডলার খরচ করে সিনেমাটি নির্মাণ করেন জন জি
এভিল্ডসেন। যার প্রধান চরিত্রে অভিনয় করে সিলভেস্টার স্ট্যালোন অস্কারে প্রথমবারের
মতো সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন।
সিনেমা দুটি নিয়ে
নেটফ্লিক্সের এক্সিকিউটিভ চেয়ারম্যান রিড হাস্টিং বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দ ও গর্বের
সঙ্গে জানাতে চাই হলিউডের কালজয়ী দুটি সিনেমা আমরা স্ট্রিমিং করতে যাচ্ছি। শুধু আমাদের
ওটিটিতেই ঘরে বসে সিনেমা দুটি দেখতে পারবে সবাই; যা আমাদের জন্য আনন্দের। কারণ দুটি
সিনেমাই যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রের ইতিহাস বদলে দিয়েছিল। অস্কারজয়ী এমন দুটি কনটেন্ট
আমরা আমাদের দর্শকের জন্য এ মাসেই উন্মুক্ত করতে যাচ্ছি। টাইটানিকের মুক্তির তারিখ
নির্ধারণ হলেও রকির মুক্তির তারিখ এখনও ঠিক হয়নি। ঠিক হওয়ামাত্রই সবাইকে জানিয়ে দেওয়া
হবে।’
এ সময় হলিউডের
আরও বেশকিছু পুরোনো সিনেমা নেটফ্লিক্সে মুক্তির বিষয়ে পরিকল্পনা চলছে বলেও জানান রিড
হাস্টিং।