বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২ ১৪:৪৬ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২২ ১৫:০৮ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলার সঙ্গে ক্রিকেটার ঋষভ পন্থের নাম জুড়ে চলে বিভিন্ন গুঞ্জন। সেজন্য ঊর্বশী ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে কোনো ছবি পোস্ট করলেই অনুরাগীরা ঋষভ পন্থকে নিয়ে করেন বিভিন্ন ধরনের কমেন্ট।
বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এ অভিনেত্রী। গত রোববার (৯ অক্টোবর) প্রাইভেট জেট থেকে একটি ছবি পোস্ট দিয়ে ঊবর্শী নিজের অস্ট্রেলিয়া পৌঁছানোর কথা সোশ্যাল মিডিয়ায় জানান। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘আমার হৃদয়কে অনুসরণ করেছি এবং সেটা আমায় অস্ট্রেলিয়ায় নিয়ে এসেছে।’
এরপরেই শুরু হয়ে যায় জল্পনা। কারণ ঋষভ পন্থও বিশ্বকাপের আগে প্রস্তুতি নিতে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। তাই স্বাভাবিকভাবেই তার সঙ্গে আবারও ঊর্বশীর নাম জড়ায়।
এরপর সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে শাড়ি, খোলা চুল, স্নিগ্ধ বেশে ছবি দিয়েছেন তিনি। সেই পোস্টে উপচে পড়েছে মন খারাপ। ঊর্বশীর অভিযোগ, সবাই তাকে নিয়ে মজা করছে। তাকে স্টকার বলা হচ্ছে এবং তাকে সমর্থন করতে এগিয়ে আসছেন না কেউ!
ঊর্বশী লেখেন, ‘প্রথমে ইরানের মাহশা আমিনি আর তারপর ভারতে। এখন আমায় নিয়ে সবাই ঠাট্টা করছে, আমায় স্টকার বলছে। আমায় কেউ সমর্থন করছে না তো বটেই। এমনকি আমার অনুভূতির কথাও ভাবছে না। একজন দক্ষ ও আত্মবিশ্বাসী নারী খুব গভীরভাবে চিন্তা করে আর নির্ভয়ে ভালোবাসে। তার হাসির মতোই সাধারণভাবে তার চোখে জল আসে। সে নরম কিন্তু শক্তিশালী। সে সৃষ্টিকর্তার দান।’
সোশ্যাল মিডিয়া ট্রলিং নিয়ে ঊর্বশীর কমেন্ট অনেকের মনে ধরেছে। তবে ঋষভ পন্থের সঙ্গে সম্পর্ক নিয়ে এখনও নীরব তিনি।
প্রবা/এসএস/এমজে