প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৬ পিএম
এবারের কোরবানির ঈদে রেকর্ড ব্যবসা করা সিনেমা ‘প্রিয়তমা’। গতকাল শুক্রবার রাতে রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শাকিব খান অভিনীত ও হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রযোজনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান।
রাষ্ট্রপতির জন্য এদিন বিশেষ শোয়ের ব্যবস্থা করা হয়। বিশেষ শো চলাকালীন উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, চিত্রনায়ক শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান, পরিচালক হিমেল আশরাফ, জনপ্রিয় গীতিকার প্রিন্স মাহমুদ, অভিনেত্রী তারিন, নুসরাত ফারিয়া, এলিনা শাম্মী, গায়ক রিয়াদ, গীতিকার সোমেশ্বর অলিসহ সিনেমা সংশ্লিষ্ট আরও অনেকে।
এদিকে শুক্রবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে নির্মাতা হিমেল আশরাফ রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পরিবার নিয়ে সিনেমা হলে উপভোগ করলেন “প্রিয়তমা”।’
‘এক জীবনে আমার আর কি চাওয়ার থাকতে পারে। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তার পরিবার নিয়ে বঙ্গভবন থেকে সিনেমা হলে এসে আমার সিনেমা উপভোগ করছেন, তার পাশে বসে আমি আমার সিনেমা দেখছি, বড় পর্দায় এত গণ্যমান্য মানুষের সঙ্গে আমার নাম দেখছি, এক জীবনে পরিচালক হিসেবে আর কী চাইতে পারি!’
‘ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া, ধন্যবাদ শাকিব খান ভাইয়া, ধন্যবাদ ফারুক ভাই, ধন্যবাদ “প্রিয়তমা” টিম। বিশেষ করে ধন্যবাদ সাধারণ দর্শক। অনেকেই বলবেন রাষ্ট্রপতির ছেলের সিনেমা তাই তিনি দেখেছেন। কথাটা কিছুটা সত্য হলেও আসল কারণ সাধারণ দর্শক। দেশে এবং বিদেশে বাংলাদেশি সাধারণ মানুষের প্রচণ্ড ভালোবাসাই আসলে তাদের উদ্বুদ্ধ করেছে সিনেমাটি উপভোগ করতে।’
এরপর সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে হিমেল আরো লেখেন, ‘সাধারণ দর্শক, যারা “প্রিয়তমা” দেখেছেন, ভালোবেসেছেন, আপনাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। বিশ্বাস করেন, শুধুমাত্র আপনারাই আমার খুব সাধারণ জীবনটা অসাধারণ করে দিয়েছেন।’ এসময় শাকিব খানকেও জড়িয়ে ধরেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।