প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১১ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৯ পিএম
অভিনেত্রী কাজী
নওশাবা আহমেদ। সম্প্রতি কলকাতার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমার
নাম ‘যত কাণ্ড কলকাতাতেই’। এতে তার বিপরীতে অভিনয় করবেন আবীর চট্টোপাধ্যায়। অনীক দত্তের
পরিচালনায় সিনেমার শুটিং শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। দার্জিলিং ও কলকাতার বিভিন্ন
জায়গায় চলবে দৃশ্য ধারণের কাজ। নতুন এ সিনেমা নিয়ে নওশাবা বলেন, ‘সিনেমার গল্প চমৎকার।
স্ক্রিপ্ট দেখেই আমি কাজটি করতে রাজি হয়েছিলাম। আমার মতে গল্পটির মধ্যে নতুন কিছু আছে,
যা আগে কখনও পর্দায় দেখানো হয়নি।’
টানা এক মাস শুটিং
চলবে। তারপর কিছুদিনের বিরতি দিয়ে ফের কাজ শুরু হবে। আশা করছি ডিসেম্বরের মধ্যেই কাজটি
শেষ হবে। আগামী বছর পূজায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাই টানা শুটিংয়ের
শিডিউল নেওয়া হয়েছে সবার। কাজটি করার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ।
জনপ্রিয় গোয়েন্দা
চরিত্র ফেলুদার বুদ্ধিদীপ্ত ঘটনা আর ধাঁধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে ‘যত কাণ্ড
কলকাতাতেই’ সিনেমার চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করবেন
আবীর চট্টোপাধ্যায়।
সিনেমায় মূল গল্পের
সমান্তরালে আরও একটি ট্র্যাক থাকবে। সেটা লেখা হয়েছে পঞ্চাশের দশকের প্রেক্ষাপটে। সেই
প্রেক্ষাপটেই দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী নওশাবাকে। জানা গেছে, এ চরিত্রটিতে প্রথমে
অভিনয় করার কথা ছিল মধুমিতা সরকারের।
অভিনয়ে ব্যস্ত
সময় পার করছেন নওশাবা। ওটিটি ও সিনেমা দুই মাধ্যমেই সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি।
সম্প্রতি তার নতুন সিনেমা মেঘনা কন্যার ডাবিং শেষ করেছেন । দুই নারীর প্রতিবাদী গল্প
নিয়ে সিনেমাটি বানাচ্ছেন ফুয়াদ চৌধুরী। এ ছাড়া ১৭ আগস্ট ওটিটিতে মুক্তি পেয়েছে
নওশাবা অভিনীত ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’। এটি নির্মাণ করেছেন ইয়াসির আল হক। এ ছাড়া প্রায়
ছয় মাস পর মঞ্চে ফিরেছেন নওশাবা।