প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ১৩:১৪ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩ ১৩:৪৫ পিএম
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুতুলকে ঘিরে নির্মিত সিনেমা ‘বার্বি’। এ সিনেমায় রয়েছেন একঝাঁক তারকা। ইতোমধ্যে সিনেমাটি আয়ের দিক থেকে বেশ কিছু ইতিহাস গড়েছে। তার
মধ্যে ওয়ার্নার ব্রাদার্সের ইতিহাসে শত বছরের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে ‘বার্বি’ এখন সবার ওপরে।
২১ জুলাই মুক্তি পাওয়া ‘বার্বি’ সিনেমাটি বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট আয় করেছে ১ দশমিক ৩৪ বিলিয়ন
ডলার, বাংলাদেশি টাকায় যা ১৪ হাজার ৬৬৩ কোটি। তথ্যটি নিশ্চিত করেছে ওয়ার্নার ব্রাদার্স। ফেসবুকে তারা বার্বির একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আমাদের ইতিহাসে “বার্বি” এখন সর্বোচ্চ আয়ের সিনেমা। এর আগে ওয়ার্নার ব্রাদার্সের কোনো সিনেমা এতটা আয়ের মুখ দেখেনি। সিনেমার সঙ্গে জড়িত সবাইকে অভিনন্দন। এই মাইলফলক ইতিহাস হয়ে থাকবে। আমাদের ১০০ বছরের ইতিহাসে আয়ের দিক থেকে বার্বি প্রথম সিনেমা যেটি ১.৩৪০ বিলিয়নের মুখ দেখেছে।’
এর আগে ২০১১ সালে হ্যারি পটার সিরিজের পার্ট টু সিনেমাটি ১.৩১৫ বিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়ে। এ ছাড়া ২০১৮ সালে অ্যাকুয়াম্যান ১.১৪৩ বিলিয়ন, দ্য ডার্ক নাইট রাইজেস ১.০৮২ মিলিয়ন, জোকার ১.০৬৬ ও দ্য হবিট ১.০১৪ বিলিয়ন ডলার আয় করে।
ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’ পরিচালনা করেছেন গ্রেটা গেরউইগ। সিনেমায় মার্গট রবি ও রায়ান গসলিং দুজন বার্বি ও কেইন হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া মার্কিন পপ তারকা ডুয়া লিপা মারমেইড বার্বি চরিত্রে অভিনয় করেছেন। নিকোলা কফলানকে কূটনীতিক বার্বি চরিত্রে দেখা যাচ্ছে। আনা ক্রুজ কেইন হাজির হয়েছেন বিচারপতি বার্বি হয়ে। ‘ইনসিকিউর’ খ্যাত ইসারে অভিনয় করেছেন প্রেসিডেন্ট বার্বির চরিত্রে। এমা ম্যাকি আছেন পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বার্বির চরিত্রে।
‘বার্বি’ মুক্তির আগে এই সিনেমা নিয়ে দেশে দেশে তৈরি হয়েছে উন্মাদনা। দর্শক বার্বির পোশাকের সঙ্গে মিলিয়ে সাজসজ্জা করে সিনেমা দেখতে হলে যাচ্ছেন। বিশ্বজুড়ে অনেক তারকাই সিনেমাটি দেখে তাদের ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কেউ বার্বি সাজে নিজেকে হাজির করেছেন সোশ্যাল মিডিয়ায়। সিনেমাটি নির্মাণ করতে খরচ হয়েছে ১৪৫ মিলিয়ন ডলার। এমন একটি সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মার্গট রবি এখন ইতিহাসের অংশ।