প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১৪:৩০ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ১৪:৩২ পিএম
‘মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৩’ বিজয়ী হয়েছেন চণ্ডীগড়ের মেয়ে শ্বেতা শারদা। গত ২৭ আগস্ট মুম্বাইয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হয় মিস ইউনিভার্স। সেখানেই এই ভারতীয় প্রতিনিধির মাথায় মুকুট তুলে দেওয়া হয়।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গতবারের বিজয়ী দিভিতা রায় বিজয়ের মুকুট পরিয়ে দেন শ্বেতাকে। দিল্লির মেয়ে সোনাল কুকরেজা ‘মিস ডিভা সুপারন্যাশনাল-২০২৩’-এর খেতাব লাভ করেন।
রানারআপ নির্বাচিত হয়েছেন কর্ণাটকের তৃষা শেঠি। ৭২তম মিস ইউনিভার্সে ভারতের প্রতিনিধিত্ব করবেন শ্বেতা। জানা যায়, শ্বেতা শারদার বয়স ২২ বছর। ১৬ বছর বয়সে স্বপ্নপূরণের জন্য মায়ের সঙ্গে মুম্বাই পাড়ি জমান তিনি। সিঙ্গেল মাদার হিসেবে শ্বেতাকে বড় করেছেন তার মা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা জানান, তার জীবনের সব থেকে গর্বিত মুহূর্তগুলোর অন্যতম হলো তিনি বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীকে নাচ শিখিয়েছেন, তাদের সঙ্গে কাজ করেছেন। তাদের মধ্যে আছেন দীপিকা পাড়ুকোন, সালমান খান, ক্যাটরিনা কাইফ, মৌনি রায়। এমনকি মাধুরী দীক্ষিতও আছেন এই তালিকায়। তবে তিনি সব থেকে বেশি অনুপ্রেরণা পান সুস্মিতা সেনের কাছ থেকে।