বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২ ১৩:৩৪ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২২ ১৩:৫১ পিএম
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়ামে আজ মঞ্চস্থ হবে বুনন থিয়েটারের নাটক ‘সিক্রেট অব হিস্ট্রি’। সন্ধ্যা ৭টায় অডিটরিয়ামটির ১১ তলায় নাটকটি প্রদর্শিত হবে।
প্রযোজনাটি রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান। নির্দেশনা দিয়েছেন শুদ্ধমান চৈতন। জেলের ভেতর জাতীয় চার নেতাকে নির্মমভাবে খুন ও তার পরবর্তী ক্যান্টনমেন্ট এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্র নিয়ে গড়ে উঠেছে এ নাটকের কাহিনি।
কাহিনির মধ্যভাগে যুক্ত হয় এক খুনি মেজর। যে মেজর অন্ধকার হলেই লাশভরা ট্রাক নিয়ে পথে নামে, গোরস্থান দেখলেই পাশ কাঁটিয়ে যায়। সে নয়খানা ট্রাকে শতখানা দ্রোহঠাসা সেনার লাশ গোরস্থানের ছায়ায় সারি করে রেখে রাষ্ট্রপতির সঙ্গে যুক্ত হয়। খুনি রাষ্ট্রপতি আর মেজর একসঙ্গে কৌশল নির্মাণ করে চলে লাশ গুম করার জন্য। বাদ সাধে বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরীর মুর্দা ফকির। সে দীঘল সাদা আলখেল্লার প্রান্ত উড়িয়ে লাশ আগলে দাঁড়ায়। মুখে ঠোঁটে এক কথা তার, ‘এ লাশ কবরে যাবে না।’ একে একে অভিনীত হয় সেনা বিদ্রোহ দমনের নামে ক্যান্টনমেন্টের হত্যা করা সেনাদের দীর্ঘশ্বাস ও নিগূঢ় হত্যার গোপন কথকতা।
নাটকটির অভিনয় নির্মাণে নির্দেশক মূল অভিনয় মঞ্চ থেকে একটি রক্তবর্ণ গালিচা দর্শক সারির মধ্যভাগ পর্যন্ত রেখে একটি কাঠগড়ার সেট স্থাপন করেছেন যা দর্শক-অভিনেতার দূরত্ব ঘুচিয়ে দর্শক-শ্রোতাকে নাট্যস্থিত বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট করতে সহায়তা করবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আনন জামান, তুষারকান্তি দে রাজন, আশরাফুল আলম বিলাস, উচ্ছল হাসান, আবু ফাহিম, শাত-ইল রাস, আবিদ হাসান নির্ঝর, অমিত চৌধুরী, তুষার সোহাগ, হাজেরা আক্তার কেয়া, আয়শা আক্তার কাকন, মারিয়া বিনতে লতিফ, নন্দদুলাল, রুদ্র বাউল, লাল হোসেন, জিহাদুল ইসলাম।
প্রবা/এসএস/জেও