প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ২১:৪৯ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ১১:৩০ এএম
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। মা হওয়ার পর তার ‘মা’ সিনেমাটি মুক্তি পেয়েছে চলতি বছর। সে ছবি খুব একটা সাড়া পায়নি। এরপর তাকে নিয়ে যত আলোচনা সবই ব্যক্তিগত বিষয় ঘিরে। সেসব পেছনে ফেলে পরীমনি আবারও পর্দায় আসছেন। নতুন গল্প নিয়ে, নতুন চরিত্রে। পরীমনি অভিনীত ‘প্যাফ ড্যাডি’ নামের ওয়েব ফিল্মটি বঙ্গবিডিতে মুক্তি পেতে যাচ্ছে শিগগিরই।
সম্প্রতি মুক্তি পেয়েছে এর ট্রেলার। সেখান থেকে জানা গেল, ওয়েব ফিল্মটিতে পরীমনিকে দেখা যাবে সিনেমার একজন নায়িকা হিসেবে। যিনি সিনেমা হিট করাতে বিশেষ এক বাবার দরবারে যান। মূলত সেই বাবাকে ঘিরেই এ ওয়েব ফিল্মের গল্প। আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন এক বাবা, ভক্তদের তিনি নানা রকম বর দেন। তার অনেকগুণ। তাকে বাধা দিতে গেলে পুলিশের অফিসার অজ্ঞান হয়ে পড়েন। এলাকার নেতা এমপি হতে তার আশীর্বাদ নেন। পরীমনিও তার কাছে যান হিট সিনেমার আশায়। একপর্যায়ে দেখা যায় পরীমনির সঙ্গে সেই বাবার ঘনিষ্ঠ সম্পর্ক, যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার নেতা চরিত্রে অভিনয় করা আব্দুন নূর সজল। এ সিনেমায় বাবা চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। এখানে একটি ডন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা শহীদুজ্জামান সেলিমকে।
নিজের নতুন সিনেমা নিয়ে প্রতিদিনের বাংলাদেশকে পরী বলেন, ‘অনেকগুলো খারাপ সংবাদের মধ্যে দর্শকের জন্য ভালো সংবাদ হচ্ছে আমার নতুন আরও একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। প্যাফ ড্যাডি নামের ওয়েব ফিল্মটি বঙ্গবিডিতে খুব শিগগিরই দর্শকরা দেখতে পাবেন। বলতে গেলে ওটিটিতে এটাই আমার প্রথম কাজ, তাই আমি নিজেও খুব উচ্ছ্বাসিত। কাজটিতে দেশের অনেকগুলো গুণী অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছেন, যাদের সঙ্গে এর আগে আমার কাজ করা হয়নি বললেই চলে। তাই কাজের অভিজ্ঞতাও দারুণ।’ প্যাফ ড্যাডি সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে পরী আরও বলেন, ‘এমন গল্পে এর আগে আমাকে কেউ অভিনয় করতে দেখেনি। গল্পটি অসাধারণ। ইতোমধ্যে যার এক ঝলক ট্রেইলারে দর্শকরা দেখেছেন। অনেকেই আমাকে কল দিয়ে চরিত্রটি সম্পর্কে জানতে চেয়েছেন। আমি তাদের এটুকুই বলেছি। অপেক্ষায় থাকুন, চমকে যাবেন।’ পরীমনি সম্প্রতি কাজের চেয়ে নিজের ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় আছেন।
ওয়েব ফিল্মের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইফতেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, ফারুখ আহমেদ, সালাউদ্দিন লাভলুসহ বিখ্যাত সব শিল্পী।
২০১৯ সালে ‘প্যাফ ড্যাডি’র নির্মাণ শুরু হয় ওয়েব সিরিজ হিসেবে। পরবর্তীতে নির্মাতা বদলে হয়ে বর্তমানে ওয়েব ফিল্ম হিসেবে আসছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। এটি পরিচালনা করেছেন যৌথভাবে শহীদুন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু।