প্রবা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২ ০১:৫২ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২২ ১১:৪৫ এএম
আমির খানের এই বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়ে। ছবি : সংগৃহীত
বলিউড সুপারস্টার আমির খানের বিজ্ঞাপনের বিষয়বস্তু ও অভিনয় কেমন হওয়া উচিত তা নিয়ে সরব হয়েছেন ভারতের মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।
তিনি বলেছেন, আমির খানের এমন কোনো বিজ্ঞাপনে অভিনয় করা উচিত নয়, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। বরং ভারতীয় ঐতিহ্য ও রীতিনীতি মেনে তার কাজ করা উচিত।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আমির খান ও অভিনেত্রী কিয়ারা আদভানির একটি বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছিল। এতে দেখা যায়, সদ্যবিবাহিত আমির ও কিয়ারা ‘বিদায়’ অনুষ্ঠানে হাসিমুখে কথা বলছেন। এরপর প্রচলিত প্রথা ভেঙে বর (আমির খান) কনের বাড়িতে আগে প্রবেশ করছেন।
মিশ্র বলেন, ‘অভিযোগ পেয়ে আমি আমির খান অভিনীত ব্যাংকের বিজ্ঞাপনটি দেখেছি। এ ধরনের কর্মকাণ্ডে একটি বিশেষ ধর্মের অনুভূতিতে আঘাত লাগে। আমি বিশ্বাস করি, তার কারও অনুভূতিতে আঘাত করার অনুমতি নেই।’
রাজ্য সরকারের এই মুখপাত্র আরও বলেন, ‘আমি তাকে অনুরোধ করব, এ ধরনের বিজ্ঞাপন করার সময় উনি যেন ভারতের ঐতিহ্য মাথায় রাখেন।’
চলতি বছরের আগস্টে হৃত্বিক রোশন অভিনীত একটি বিজ্ঞাপন বিতর্কের সৃষ্টি করে। সমালোচনার মুখে পরে তা প্রত্যাহার করে নেয় অনলাইনে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান জোমাটো।
মধ্যপ্রদেশের বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতরা ওই বিজ্ঞাপনটিতে আপত্তি জানিয়েছিলেন। তারা দাবি করেছিলেন, এটি হিন্দু অনুভূতিতে আঘাত করেছে।
প্রবা/আরকে/জেও