প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১৪:৪০ পিএম
দেশের জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। আধুনিক মিউজিকের সঙ্গে দেশের শ্রোতাদের পরিচয় করিয়ে দেওয়া কারিগরদের মধ্যে তিনি প্রথম সারির একজন। তার তৈরি অনেক গান জনপ্রিয় হয়েছে। ঢাকাসহ বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করে বেড়ান তিনি।
২০২২ সালে সবশেষ ঢাকায় লাইভ করেন ফুয়াদ। বর্তমানে তিনি আমেরিকা থাকেন। সেখান থেকে আসছেন ঢাকায়। আবারও কনসার্ট করবেন। তরুণ দুই গায়ককে নিয়ে লাইভ কনসার্টটিতে থাকবে মিউজিকের জমজমাট পরিবেশনা।
জানা গেল, এবারের কনসার্টে তরুণ দুই শিল্পীকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেবেন তিনি। যারা প্রবাসী বাংলাদেশি। যাদের বেড়ে ওঠা আমেরিকায়। একজনের নাম সঞ্জয়, আরেকজন ডামির। দেশের দর্শকদের কাছে তাদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই কনসার্টের আয়োজন করা হয়েছে।
সঞ্জয় সিলেটের বাসিন্দা। আমেরিকায় দীর্ঘদিন ধরে সংগীত নিয়ে কাজ করছেন তিনি। তার ‘মুন রাইস’ গানটি এখন পর্যন্ত বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ২৫০ মিলিয়ন শ্রোতা শুনেছে।
এদিকে ডামির একজন ইলেকট্রনিক মিউজিক প্রোডিউসার। ডিজেসহ পপ মিউজিশিয়ান হিসেবেও কাজ করছেন তিনি। আমেরিকাপ্রবাসী তরুণ দুই মিউজিশিয়ানকে নিয়ে আবার ঢাকায় কনসার্ট প্রসঙ্গে ফুয়াদ বলেন, ‘দুই তরুণের সংগীতচর্চা আমাকে আকৃষ্ট করেছে। তারা আমেরিকায় বড় হয়েছে। কিন্তু বাংলাদেশ ও সেখানকার গানের প্রতি তাদের আলাদা ভালোবাসা আছে। আমাকে এ বিষয়টি মুগ্ধ করেছে। তাদের নিয়ে যে কনসার্ট করতে চলেছি, আমার বিশ্বাসÑ দর্শক-শ্রোতারা তা বেশ উপভোগ করবেন।’
এটি অনুষ্ঠিত হবে ৩১ আগস্ট ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে। কনসার্ট শুরু হবে ৩১ আগস্ট সন্ধ্যা ৭টায়। চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২০০ টাকা।