প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১৩:২২ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩ ১৪:১২ পিএম
ঢাকাই সিনেমার নন্দিত চিত্রনায়িকা শাবনূর। তিনি ছিলেন রোমান্টিক চরিত্রে অনবদ্য এক অভিনেত্রী। সালমান শাহ ও রিয়াজের সঙ্গে গড়ে উঠেছিল তার রোমান্টিক হিট জুটি। এই দুই নায়কের সঙ্গে বহু মিষ্টি প্রেমের গানে ঠোঁট মিলিয়েছেন তিনি। এ ছাড়াও ওমর সানি, অমিত হাসান, শাকিল খান, আমিন খান, ফেরদৌস ও শাকিব খানদের সঙ্গেও আছে তার অনেক রোমান্টিক সিনেমা, যেখানে অসংখ্য গান সুপারহিট।
এইসব গানের অধিকাংশই গেয়েছেন কনকচাঁপা। এই শিল্পীর কণ্ঠের সঙ্গে শাবনূরের অভিনয় ও ঠোঁট মেলানো ছিল সিনেমার হিট আয়োজন। কনকচাঁপা জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন শাবনূরের জন্য গান গেয়ে। পর্দার বাইরে দুজনের সম্পর্কটাও ছিল জমজমাট।
অনেকদিন হয় শাবনূর আর সিনেমা করেন না। কনকচাঁপাও আর নিয়মিত গান না সিনেমায়। তাই দেখাও হয় না আর আগের মতো।
তবে সম্প্রতি অস্ট্রেলিয়ায় গিয়ে শাবনূরের দেখা পেলেন কনকচাঁপা। শিল্পী স্বামীকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে গেছেন সম্প্রতি সুরের ধারা নামের একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। বেশ কয়েকদিন থাকবেন। সেখানে গিয়ে যোগাযোগ হয় অস্ট্রেলিয়া প্রবাসী শাবনূরের সঙ্গে। এরপর শাবনূর ছেলেকে নিয়ে ছুটে আসেন কনকচাঁপাকে দেখতে। দুজনে বেশ আড্ডা দেন, মেতে ওঠেন গল্প-স্মৃতিচারণে।
একটি ভিডিও পোস্ট করেছেন কনকচাঁপা। দিয়েছেন একটি ছবিও। সেই ছবির ক্যাপশনে কনক লেখেন, ‘দুই দেহ এক প্রাণ’। সেই ছবিটি ভাইরাল হয়েছে ফেসবুকজুড়ে।