বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২২ ১৩:২৮ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২২ ১৩:৪৪ পিএম
অভিনেত্রী, পরিচালক, গায়িকা ও স্থপতি মেহের আফরোজ শাওনের জন্মদিন আজ। ১৯৮১ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী। প্রতিদিনের বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে এই তারকার জন্মদিনে রইল অনেক অনেক শুভেচ্ছা।
মেহের আফরোজ শাওনের জন্ম ১৯৮১ সালের ১২ অক্টোবর। তার বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী। তিনি পড়াশোনা করেছেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে। শোবিজ জীবনের বাইরে তিনি একজন স্থপতি।
শাওনের ক্যারিয়ার শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে। নতুন কুঁড়িতে তিনি বিজয়ী হয়েছিলেন। এরপর ১৯৯৬ সালে তিনি নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন।
সিনেমার পর্দায়ও শাওনের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। তিনি ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’ ও ‘আমার আছে জল’ সিনেমাগুলোতে অভিনয় করেছেন। তার সাবলীল অভিনয় এখনও দর্শকদের মনে গেঁথে আছে।
চলচ্চিত্র নির্মাণেও দক্ষতার পরিচয় দিয়েছেন শাওন। তার পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচকদের কাছে। এই সিনেমার জন্যই তিনি গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন।
আজ এই গুণী তারকার জন্মদিন, শুভ জন্মদিন মেহের আফরোজ শাওন।
প্রবা/টিএম/টিই