প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ১৯:৪৩ পিএম
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘স্পর্শ’ নামের সিনেমা।
এতে অনন্য মামুনের পরিচালনায় নায়ক হিসেবে আছেন নিরব হোসেন। তার বিপরীতে দেখা যাবে কলকাতার
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। সিনেমার শুটিং প্রায় শেষের পথে। কলকাতার অংশের কাজ
আগেই হয়েছিল।
১৩ আগস্ট শুরু হয় ঢাকার কাজ। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় চলে শুটিং।
সেখানে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান নিরব-ঋতু। আরও ছিলেন আরিয়ানা জামানসহ অনেকেই।
এ লটের শুটিং শেষ হয়েছে। তাই কলকাতায় ফিরে গেলেন ঋতুপর্ণা। গতকাল বৃহস্পতিবার রাতের
ফ্লাইটে ঋতুপর্ণা সিঙ্গাপুরে গেছেন বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে দুই বাংলার দর্শকদের কাছ থেকে অনবদ্য অভিনয় দিয়ে ভালোবাসা
পেয়ে আসছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই ১৯৯৭ সালে ‘স্বামী কেন আসামী’ সিনেমা দিয়ে তিনি
প্রথমবার বাংলাদেশের দর্শকদের সামনে আসেন। এরপর তিনি কাজ করেছেন ইলিয়াস কাঞ্চন, মান্না,
আমিন খান, হেলাল খান, রিয়াজসহ আরও অনেক নায়কের বিপরীতে। বাংলাদেশে তার অভিনীত অনেক
সিনেমাই হয়েছে সুপারহিট। এবার নায়ক নিরবের বিপরীতে কাজ করেও আশাবাদী তিনিÑ ‘স্পর্শ’
সফল হবে। ঋতুপর্ণা বলেন, ‘‘গল্প, নির্মাণ, শিল্পীদের অভিনয়Ñ সব মিলিয়ে আমার কাছে মনে
হচ্ছে স্পর্শ খুব ভালো একটি সিনেমা হয়েছে। এর আগে আমরা কলকাতায় শুটিং করেছি, এবার ঢাকায়
করলাম। নিরবের সঙ্গে আমার ক্যামিস্ট্রিটা দর্শকদের ভালো লাগবে আশা করছি। অনন্য মামুন
ভীষণ মেধাবী। গুছিয়ে ভীষণ ফাস্ট কাজ করে। আর আমার কাছে সব সময়ই যৌথ প্রযোজনার কাজ করতে
ভীষণ ভালো লাগে। কারণ দুই বাংলার দর্শকদের এই সিনেমা দেখার সুযোগ থাকে। ‘স্পর্শ’-এর
মতো আরও ভালো ভালো যৌথ প্রযোজনার সিনেমা নির্মিত হলে দুই বাংলার দর্শকের জন্যই তা কল্যাণকর
হবে বলে আমি মনে করি।’’
সিনেমাতে ইন্দিরা চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা। ইন্দিরা মূলত একজন
সফল ব্যবসায়ী। ভীষণ আবেগী একজন নারী। একজন সিঙ্গেল মাদার। ভীষণ একাকিত্বের মাঝে যিনি
মানুষের জন্য নিজেকে নিবেদিত করতে চান। আবার তার মধ্যে প্রেমও আছে। এমন একটি চরিত্রে
পরিচালকের ভাষ্যমতে ঋতুপর্ণা সেনগুপ্ত দুর্দান্ত অভিনয় করেছেন।
ঋতুপর্ণা এর আগে বাংলাদেশের সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন এমএ আলমগীর
পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে। এতে তিনি আলমগীর ও আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছিলেন।
এই সিনেমাতেই উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা প্রথমবার সুরকার হিসেবে নিজের
অভিষেক ঘটান।