প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ১৬:০২ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ১৬:৪২ পিএম
হলিউডের বাঘা বাঘা অভিনেত্রীকে পেছনে ফেলে কিছু দিন আগেই ইতিহাস গড়েছিলেন
অভিনেত্রী মার্গট রবি। প্রথমবারের মতো নারীকেন্দ্রিক কোনো চলচ্চিত্র এক বিলিয়নের ক্লাবে
নাম লেখায়, যার মূল ভূমিকায় আছেন তিনি। সে ছবি দিয়ে তিনি পেছনে ফেলেন অ্যাঞ্জেলিনা
জোলি, স্কারলেট জনসন, ন্যাটালিয়া পোর্টম্যানের মতো তারকাদের।
এবার তিনি আরও একটি ইতিহাস গড়েছেন। হয়েছেন হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক
পাওয়া অভিনেত্রী। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুতুলকে ঘিরে নির্মিত সিনেমা ‘বার্বি’-তে
অভিনয় করতে ৫০ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নিয়েছেন তিনি। এর আগে এত টাকা পারিশ্রমিক
কোনো অভিনেত্রীকেই দেওয়া হয়নি। এটাই হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক।
মার্গট রবির আগে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়ার রেকর্ড ছিল অভিনেত্রী
সান্দ্রা ব্লুকের। ‘গ্রাভিটি’ সিনেমার জন্য তিনি ৪৬ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক
নেন। এরপর তৃতীয় স্থানে ছিলেন ক্যামেরন ডিয়াজ। তিনি তার হিট ব্যাড টিচার সিনেমার জন্য
২০১১ সালে ৪২ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নেন। এ ছাড়া জেনিফার আনিস্টন, জেনিফার
লরেন্স, গ্যাল গ্যাতত, অ্যাঞ্জেলিনা জোলিদের পারিশ্রমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।
রবির এমন পারিশ্রমিক নেওয়ার কারণ হচ্ছে তার ‘বার্বি’ সিনেমার সফলতা।
বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমার তালিকায় এটি এখন শীর্ষে। বিশ্বব্যাপী সিনেমাটি এখন
পর্যন্ত আয় করেছে ১.১৯ মিলিয়ন মার্কিন ডলার।
এ সিনেমায় রয়েছেন একঝাঁক তারকা। সিনেমাটি নিয়ে ইতোমধ্যে ইন্টারনেট
জগতে চলছে আলোচনার ঝড়। ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’ পরিচালনা করেছেন গ্রেটা
গেরউইগ। সিনেমায় মার্গট রবি ও রায়ান গসলিং দুজন বার্বি ও কেইন হিসেবে প্রধান চরিত্রে
অভিনয় করেছেন। এ ছাড়া মার্কিন পপ তারকা ডুয়া লিপা মারমেইড বার্বি চরিত্রে অভিনয় করেছেন।
নিকোলা কফলানকে কূটনীতিক বার্বি চরিত্রে দেখা যাচ্ছে। আনা ক্রুজ কেইন হাজির হয়েছেন
বিচারপতি বার্বি হয়ে। ‘ইনসিকিউর’খ্যাত ইসারে অভিনয় করেছেন প্রেসিডেন্ট বার্বির চরিত্রে।
এমা ম্যাকি আছেন পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বার্বির চরিত্রে।
‘বার্বি’ মুক্তির আগেই এ সিনেমা নিয়ে দেশে দেশে তৈরি হয়েছিল উন্মাদনা।
দর্শক বার্বির পোশাকের সঙ্গে মিলিয়ে সাজসজ্জা করে সিনেমা দেখতে হলে যাচ্ছে। বিশ্বজুড়ে
অনেক তারকাই সিনেমাটি দেখে তাদের ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কেউ বার্বি সাজে
নিজেকে হাজির করেছেন সোশ্যাল মিডিয়ায়।