× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ দিনে ৩৫০ কোটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৫:৪৮ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ১৫:৫০ পিএম

পাঁচ দিনে ৩৫০ কোটি

তিনি ফিরলেন দুই বছর পর। পুরো ভারত যেন কাঁপছে তার আগমনে। তামিল ও কর্ণাটকে স্কুল-কলেজ এবং নানা সংস্থায় ছুটি ঘোষণা করা হলো। আর প্রত্যাবর্তনেই ঝড় তুললেন বক্স অফিসে। মুক্তির তিন দিনই ২০০ কোটি রুপি আয়ের ক্লাবে নাম লেখাল ‌‌‘জেলার’ সিনেমা। পাঁচ দিনের হিসাব শেষে সিনেমাটির আয় ৩৫০ কোটি ছাড়িয়ে! হ্যাঁ, এ সিনেমা দিয়েই বিরতি কাটিয়ে রুপালি পর্দায় ফিরেছেন দক্ষিণ ভারতের সিনেমার মহানায়ক রজনীকান্ত।

জেলার সিনেমায় আবারও রজনীকান্ত প্রমাণ দিলেন বয়স একটি সংখ্যাই মাত্র তার কাছে। এ অভিনেতার সিনেমা মানেই ভক্তদের কাছে উৎসব। অনেকে এমন ভক্ত আছেন যারা রজনীকে দেবতার মতোই পূজা করেন। যে চরিত্রই হোক, যেমন গল্পই হোক সেটা কোনো মুখ্য বিষয় নয়। পর্দায় প্রিয় তারকাকে দেখার আনন্দই এসব ভক্তের কাছে মূল। সেসব ভক্তের মন জয় করে নিয়েছে অ্যাকশন-থ্রিলার গল্পের জেলার।

বিশ্বজুড়ে ২ হাজার ৯০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে প্রায় ২০০ কোটি রুপি বাজেটের জেলার। মুক্তির চার দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় ৩০০ কোটি রুপি ছাড়িয়েছিল। আর শুধু ভারতেই ছবিটি আয় করেছে ১৫০ কোটি রুপির বেশি। হিন্দুস্তান টাইমস এ তথ্যই দাবি করেছে। আর মঙ্গলবার যোগ হয়ে মোট আয় ৩৫০ কোটি রুপি ছাড়িয়েছে।

বাণিজ্যবিশ্লেষক রমেশ বালার বরাতে গণমাধ্যমটির প্রতিবেদন বলছে, ১০ আগস্ট মুক্তি পায় জেলার। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করে ৯১.২ কোটি রুপি। চতুর্থ দিন শেষে সেই আয় গিয়ে ঠেকেছে ৩০০ কোটির বেশিতে। পঞ্চম দিনে ভারত থেকে আয় করেছে ২৮ কোটি রুপিরও বেশি। বিশ্বজুড়ে আয় মিলিয়ে ৫ দিনে ৩৫০ কোটি ছাড়িয়েছে।

রমেশ বালা তার টুইটে বলেন, ‘জেলার ছবির গ্রস আয় বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপি ছাড়িয়েছে। এটি সুপারস্টার রজনীকান্তের চতুর্থ সিনেমা যেটি ৩০০ কোটির ক্লাবে ঢুকেছে। এর আগে ২০১০ সালে ‘এনথিরান’, ২০১৬ সালে ‘কাবিল’ ও ২০১৮ সালে ‘২.০’ ৩০০ কোটি আয় করেছিল।’

তবে জেলারের আয় সবাইকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ এ সিনেমা মুক্তির আগেই আয় করেছে ১২০ কোটি রুপি। আর তামান্না ভাটিয়ার নাচের তালে সিনেমার ‘কাভালিয়া’ গান তো দুনিয়া মাতিয়ে দিয়েছে। এ গান থেকেও নানাভাবে সিনেমাটি মোটা অঙ্কের টাকা ঘরে তুলেছে।

জেলারে আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্যা কৃষ্ণান, যোগী বাবু, বসন্ত রবি ও বিনায়কান। মালয়ালম অভিনেতা মোহনলাল ছবিতে একটি ক্যামিও চরিত্রে হাজির হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা