প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ১৮:১৩ পিএম
জনপ্রিয় দুই তারকা মনোজ প্রামাণিক ও সালহা খানম নাদিয়া। দুজনে জুটি বেঁধেছেন নতুন নাটকে। এর নাম ‘জীবনের অবেলায়’। পরিচালনা করেছেন সারোয়ার হোসাইন। সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে।
পরিচালক জানান, এ নাটকের গল্পে দেখা যাবে একটি পরিবারে কিছু টানাপড়েনের কাহিনী। সেই পরিবারের ছেলে রাশেদ। নানা টানাপড়েনে সে জীবনের অবেলায় এসে ভীষণ একা। তার আত্মত্যাগের মূল্য শূন্য। এখন কী করবে রাশেদ?
এরকম একটি গল্প অবলম্বন করে নাটক জীবনের অবেলায়। শাহজাহান শামীমের রচনায় নাটকটি দেখা যাবে ১৮ আগস্ট রাত সাড়ে ১০টায় মাছরাঙা টিভিতে।
নাটকটিতে মনোজ প্রামাণিক ও সালহা খানম নাদিয়া ছাড়া আরও অভিনয় করেছেন শিশির সরদার, সানজানা স্বর্ণা, দিলু মজুমদার, মিলি বাশার, ইশরাত জাহান তাসফির ও জিতা মজুমদার।
নাটকটি সম্পর্কে পরিচালক সারোয়ার হোসাইন বলেন, ‘মধ্যবিত্ত শিক্ষিত একটা ছেলে কীভাবে পরিবারের জন্য আত্মত্যাগ করতে পারে আমি এ নাটকের মাধ্যমে সেই বাস্তবতা দেখানোর চেষ্টা করেছি। আশা করি নাটকটি দর্শকের ভালো লাগবে।’
নাটকটির চিত্র গ্রহণ করেছেন সুজন মেহমুদ, আবহ সংগীত পরিচালনায় শাহরিয়ার আলম মার্সেল, গীত রচনায় মাহবুব রহমান।